২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের ঘাম ঝরানো জয়

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আরেকটি ঘাম ঝরানো জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পিছিয়ে পড়েও ফেনী সকার ক্লাবকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 09:40 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

শেষ তিন ম্যাচে দলটির এটি তৃতীয় জয়।

২১তম মিনিটে গাম্বিয়ার ম্যাথু মেন্ডির গোলে এগিয়ে যায় ফেনীর সকার। ৩৭তম মিনিটে নাইজেরিয়ার মিডফিল্ডার ড্যামিয়েন চিগোজির কর্নার থেকে তার স্বদেশের হেনরি ফেলিক্সের জোরালো শটে সমতা ফেরায় মোহামেডান।

৫০তম মিনিটে মোহামেডানকে এগিয়ে নেয়া গোলটি করেন তপু বর্মন। ৭৩তম মিনিটে দলকে ৩-১ গোলে এগিয়ে নেন স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। লিগে দেশসেরা স্ট্রাইকারের এটি অষ্টম গোল।

৮৭তম মিনিটে আজমল হোসেন বিদ্যুতের সফল পেনাল্টিতে ব্যবধান কমায় স্বাধীনতা কাপের রানার্সআপ ফেনী সকার। মোহামেডান ডিফেন্ডার তপু ফেনী সকারের তুর্যকে ফাউল করলে পেনাল্টি পায় দলটি।

বাকি সময়টুকু ফেনি সকার মারাত্মক চাপ তৈরি করলেও নিজেদের জাল অক্ষত রেখে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন মোহামেডান।

এই জয়ের সুবাদে মোহামেডান ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই আছে। সমান ম্যাচে ফেনী সকার ১১ পয়েন্ট নিয়ে রয়েছে নবম স্থানে।