ব্রাজিলের হোটেলে খাবারের মানে অসন্তুষ্ট ইতালি
বিশ্বকাপের সময় ব্রাজিলে থাকার জন্য নির্ধারিত হোটেলে মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়ার খবরে অসন্তুষ্ট চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।
বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলে হোটেল ও রেস্তোরাঁয় নজরদারি শুরু করেছে দেশটির স্বাস্থ্য ও নিরাপত্তা কর্তৃপক্ষ। সোমবার রিও দে জেনেইরো শহরে মোট ১৩টি রেস্তোরাঁ পরিদর্শন করে কর্তৃপক্ষ। তার মধ্যে আটটিতে মেয়াদোত্তীর্ণ খাবার পেয়েছে তারা। তার মধ্যে শুধু পোর্তো বেলো হোটেলেই ৫০ কেজি মেয়াদোত্তীর্ণ খাবার পেয়েছে কর্তৃপক্ষ। বিশ্বকাপের সময় এখানেই থাকবে ইতালি দল।
ইতালি দলের চিকিৎসক এনরিকো কাসতেলিচ্চি বলেন, “অবশ্যই এই এই খবরে আমরা সন্তুষ্ট নই। ঠিক যে জায়গাটায় (হোটেলে) আমরা যাচ্ছি, সেখানেই এমন ঘটনা ঘটায় আমরা খুশি নই।”
তবে হোটেলের খাবারের মান নিয়ে ইতালি দলের কোনো সমস্যা হবে না। দলের জন্য সমস্ত খাবার দেশ থেকে নেয়ার পরিকল্পনা করছে ইতালি।
তাছাড়া খেলোয়াড়দের খাবার দেয়ার আগে তা নিজেদের স্টাফদের দিয়ে পরীক্ষা করে নেওয়ার কথাও জানান কাসতেলেচ্চি।
