২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালি ও ইংল্যান্ডের হোটেলে মেয়াদোত্তীর্ণ খাবার!

বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলে হোটেল ও রেস্তোরাঁয় নজরদারি শুরু হয়েছে। অভিযানে ইংল্যান্ড ও ইতালির জন্য নির্ধারিত হোটেলে মেয়াদোত্তীর্ণ খাবার পেয়েছে দেশটির স্বাস্থ্য ও নিরাপত্তা কর্তৃপক্ষ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 08:18 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

বিশ্বকাপের সময় ৩২টি দলসহ সারা বিশ্ব থেকে আসবে লাখো ফুটবলপ্রেমী। এসময়ে শহরের সবগুলো হোটেলে যাতে ভালো খাবার দেয়া হয় তা নিশ্চিত করতে সোমবার মোট ১৩টি রেস্তোরাঁ পরিদর্শন করে কর্তৃপক্ষ। তার মধ্যে আটটিতে মেয়াদোত্তীর্ণ খাবার পেয়েছে তারা।

এর মধ্যে রিও দে জেনেইরোর পোর্তো বেলো হোটেলেই ৫০ কেজি মেয়াদোত্তীর্ণ খাবার পেয়েছে কর্তৃপক্ষ। বিশ্বকাপের সময় এখানেই থাকবে ইতালি দল।

একই শহরের রয়েল তুলিপ হোটেলে থাকবে ইংল্যান্ড দল। ওই হোটেলে ২ কেজি মেয়াদোত্তীর্ণ খাবার পেয়েছে পরিদর্শক দল।   

সোমবার পরিদর্শন শেষে দেয়া এক বিবৃতিতে সর্বমোট ২১৮ কেজি মেয়াদোত্তীর্ণ খাবার জব্দ করার কথা জানায় কর্তৃপক্ষ।

এমনিতে বিশ্বকাপের সবচেয়ে কঠিন গ্রুপে আছে ইংল্যান্ড ও ইতালি। এখন শিরোপা জিততে প্রতিপক্ষকে শুধু হারানোর পরিকল্পনা করলেই চলবে না, দলের সবার জন্য সু-খাদ্যের বিষয়টাও নিশ্চিত করতে হবে তাদের।

অবশ্য বিশ্বকাপের সময় অনেক দলই তাদের দেশ থেকে নিজস্ব খাবার ও শেফ নিয়ে আসবে।