২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লুকাকুর হ্যাটট্রিকে বেলজিয়ামের জয়

বিশ্বকাপের আগে শেষ পর্বের প্রস্তুতির শুরুটা ভালোই হলো বেলজিয়ামের। চার ম্যাচ পর অবশেষে জয়ের দেখা পেয়েছে এবারের আসরের প্রতিশ্রুতিশীল দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 05:16 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

সোমবার এক প্রীতি ম্যাচে স্ট্রাইকার রোমেলু লুকাকুর হ্যাটট্রিকে লাক্সেমবার্গকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। বেলজিয়ামের পক্ষে অন্য দুই গোলদাতা হলেন দুই মিডফিল্ডার নাসের চ্যাডলি ও কেভিন ডি ব্রুইন।

Image
বল নিয়ে ছুটছেন বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলু লুকাকু।

বল নিয়ে ছুটছেন বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলু লুকাকু।

আগামী ১২ জুন ব্রাজিলে শুরু হবে বিশ্বকাপের এবারের আসর। এডেন হ্যাজার্ড, ভিনসেন্ট কোম্পানির মতো তারকাদের নিয়ে গড়া এবারের বেলজিয়াম দলটি বেশ শক্তিশালী। দেশের মাঠ ক্রিস্টাল অ্যারেনায় এদিন দারুণ পাসিং ফুটবল খেলে তার প্রমাণটাও ভালোই দিয়েছে তারা।

চেলসির হাজার্ড ও ম্যানচেস্টার সিটির কোম্পানি ছাড়াও বেলজিয়ান দলে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড আদনান ইয়ানুজাই। লাক্সেমবার্গের বিপক্ষে এদিন অভিষেকও হয়ে গেল ১৯ বছর বয়সী এই খেলোয়াড়ের। হ্যাজার্ডের বদলি হিসেবে মাঠে নামেন তিনি।

আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে বেলজিয়াম। ‘এইচ’ গ্রুপের অন্য দুই দল হলো রাশিয়া ও দক্ষিণ কোরিয়া।

এদিন অন্য আরেক প্রস্তুতি ম্যাচে সেন্ট পিটার্সবার্গে স্লোভাকিয়াকে ১-০ গোলে হারিয়েছে এক যুগ পর বিশ্বকাপ খেলতে যাওযা রাশিয়া।