২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে রাশিয়ার জয়

জয় দিয়ে ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে রাশিয়া। সেন্ট পিটার্সবার্গে স্লোভাকিয়াকে ১-০ গোলে হারিয়েছে এক যুগ পর বিশ্বকাপ খেলতে যাওযা দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 01:08 AM

Updated : 25 Apr 2022, 04:14 PM

৮২তম মিনিটে একমাত্র গোলটি করেন আলেকজান্দার কারঝাকভ।

স্বাভাবিকভাবেই রাশিয়ার কেউ চোটের ঝুঁকি নিয়ে খেলেননি। অন্য দিকে বাছাই পর্বের বাধা পার হতে না পারা স্লোভাকিয়ার খেলোয়াড়রা ছিলেন গ্রীষ্মের ছুটির মেজাজে।

রাশিয়ার অ্যালান জাগোয়েভ ও অতিথি দলের মিরোস্লাভ স্তচের উজ্জ্বল পারফরম্যান্সের পরও প্রথমার্ধে দুই দলের গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষা দিতে হয়নি।

দুই কোচই বেশ কিছু পরিবর্তন করায় দ্বিতীয়ার্ধে খেলায় ছন্দ ছিল আরো কম।

তারপরও সের্গেই ইগনাশেভিচের চমৎকার একটি পাস থেকে জান মুচাকে ফাঁকি দিয়ে বল জালে পাঠিয়েছিলেন বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করা আলেকজান্দার কোকোরিন। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।

৮২তম মিনিটে অতিথিদের প্রতিরোধ ভেঙ্গে রাশিয়াকে এগিয়ে নেন কারঝাকভ। ম্যাক্সিম কানুনিকভের ক্রস থেকে হেড করে গোলরক্ষককে পরাস্ত করতে কোনো সমস্যা হয়নি অরক্ষিত এই বদলি স্ট্রাইকারের।

সোমবার শক্তিশালী দল নামিয়েছিলেন কোচ ফাবিও কাপেলো। শুরুর একাদশের সাত জনের বিশ্বকাপে রাশিয়ার প্রথম ম্যাচে থাকা প্রায় নিশ্চিত।

১৭ জুন নিজেদের প্রথম ম্যাচে কুইয়াবায় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে কাপেলোর শিষ্যরা। ‘এইচ’ গ্রুপে এই দুই দলের সঙ্গী বেলজিয়াম ও আলজেরিয়া।

৩১ মে অসলোয় নরওয়ে ও ৬ জুন দেশের মাটিতে মরক্কোর বিপক্ষে আরো দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ২০১৮ সালের বিশ্বকাপের আয়োজক রাশিয়া।