ফ্রেঞ্চ ওপেনে নাদাল জোকোভিচের দারুণ শুরু
ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন পুরুষ এককের সেরা দুই বাছাই রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ। এছাড়া মেয়েদের এককের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সাবেক এক নম্বর মারিয়া শারাপোভা।
সোমবার প্রথম রাউন্ডে গতবারের চ্যাম্পিয়ন স্পেনের নাদাল ৬-০, ৬-৩, ৬-০ গেমে উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের রবি গিনেপ্রিকে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সার্বিয়ান তারকা জোকোভিচও জিতেছেন সরাসরি সেটে, পর্তুগালের জোয়াও সোসাকে ৬-১, ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন তিনি।
এদিন স্বদেশী কেসেনিয়া পারভাকের বিপক্ষে শারাপোভার ম্যাচটিও বৃষ্টির বাধার মুখে পড়ে। তবে সপ্তম বাছাই রুশ তারকা শারাপোভার জিততে কোনো সমস্যা হয়নি, ৬-১, ৬-২ গেমে জেতেন তিনি।
এদিকে, পুরুষ এককে হেরে গেছেন নবম বাছাই জাপানের কেই নিশিকোরি। স্লোভাকিয়ার মার্তিন ক্লিজানের কাছে ৭-৬, ৬-১, ৬-২ গেমে হেরেছেন তিনি।
