২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা আবাহনীকে এবার রুখে দিল চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ফের পয়েন্ট হারিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্র করেছে চারবারের পেশাদার লিগ চ্যাম্পিয়নরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 10:13 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

লিগে ঢাকা আবাহনীর এটা টানা তৃতীয় ড্র। ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে ঢাকা আবাহনী। তবে শীর্ষে থাকা শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সঙ্গে পয়েন্টের ব্যবধান বেড়ে গেছে তাদের। এক ম্যাচ কম খেলা শেখ জামালের পয়েন্ট ৩৯।

আবাহনীর সমান ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে আছে চট্টগ্রামের দলটি।

তবে সোমবারের ম্যাচে প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারতো ঢাকা আবাহনী। কিন্তু দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুঁকে ক্যামেরুনের স্ট্রাইকার ইকেলি প্যাট্রিকের নেয়া শটটি গোলপোস্ট ঘেষে বাইরে চলে যায়।

দশম মিনিটে আবারো সুযোগ পায় ঢাকা আবাহনী। তবে এবার লক্ষ্যভেদে ব্যর্থ হন ঘানার ফরোয়ার্ড আউডু ইব্রাহিম। ১০ মিনিট পর আরেকটি সুযোগ হারান ঢাকা আবাহনীর মিডফিল্ডার প্রাণতোষ কুমার।

দ্বিতীয়ার্ধেও গোলের অনেক সুযোগ হাতছাড়া করে শিরোপা প্রত্যাশী দলটির। ৬১তম মিনিটে ফের সুযোগ হারান প্রাণতোষ। তার হেডটি কোনোমতে ঠেকিয়ে দেন চট্টগ্রামের গোলরক্ষক।

এর ঠিক ১০ মিনিট পর চট্টগ্রাম আবাহনীও ভালো একটা সুযোগ পেয়েছিল। কিন্তু বক্সের ঠিক বাইরে থেকে নেয়া গিনির ফরোয়ার্ড ওসমান শেরিফের আচমকা শট ক্রস বারে লেগে ফিরে আসে।