জার্মান ক্যাম্প হাসপাতাল!
জার্মান দল চোটে পর্যুদস্ত। অনেকেই তাই অনুশীলন ক্যাম্পকে হাসপাতালের সঙ্গে তুলনা করছে। বিষয়টি পছন্দ হয়নি দলটির কোচ ইওয়াখিম লোর।
চোটের কারণে বিশ্বকাপের প্রস্তুতিপর্বে এখনও যোগ দিতে পারেননি অধিনায়ক ফিলিপ লাম ও গোলরক্ষক মানুয়েল নয়ার। শোয়াইস্টাইগার ও মার্সেল শ্মেলসারের চোট নিয়েও আছে দুশ্চিন্তা। এ নিয়েই ইতালিয়ান আল্পসে শুরু হয়েছে জার্মানির অনুশীলন ক্যাম্প।
সোমবার সংবাদ সম্মেলনে লো বলেন, “(আমাদের দলের চোট নিয়ে) খবর দেখলে আপনাদের মনে হতে পারে আমরা হাসপাতালে আছি কিন্তু আসলে ব্যাপারটা তেমন নয়।”
৫৪ বছর বয়সী লো বরং খেলোয়াড়দের অনুশীলন নিয়ে সন্তুষ্ট।
“এখনও কয়েকজনের চোট আছে এবং দলের সঙ্গে পুরোদমে তারা অনুশীলন করতে পারছে না।। তবে ব্যক্তিগতভাবে তারা অনুশীলন করছে এবং সমস্যা কাটিয়ে ওঠার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।”
অনুশীলন শেষে ১ জুন ক্যামেরুন ও ৬ জুন আর্মেনিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে জার্মানি। এরপর ব্রাজিলের উদ্দেশ্যে উড়াল দেবে তারা।
ব্রাজিলে 'জি' গ্রুপে জার্মানির প্রতিপক্ষ পর্তুগাল, ঘানা ও যুক্তরাষ্ট্র।
