মোহামেডানের অনুশীলনে নিষিদ্ধ আরিফুল
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের অনুশীলনে নিষিদ্ধ করা হয়েছে জাতীয় দলের ডিফেন্ডার আরিফুল ইসলামকে। রোববার ক্লাব কতৃপক্ষ তার বিপক্ষে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়।
ক্লাবটির সহকারী ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব জানান, ক্লাবের শৃঙ্খলা ভঙ্গের কারণেই মূলত আরিফুরের বিপক্ষে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। দলের ঊর্ধ্বতন কতৃপক্ষের অনুমতির আগ পর্যন্ত অনুশীলনে যোগদানে বিরত থাকতে বলা হয় তাকে।
বেশ কিছুদিন ধরেই আরিফুলের সঙ্গে মোহামেডান কর্মকর্তাদের বনিবনা হচ্ছিল না। মোহামেডান কর্মকর্তাদের বিপক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে অভিযোগ করেন তিনি।
বাফুফের কাছে এক চিঠিতে আরিফুল অভিযোগ করেন, চোট না থাকা সত্ত্বেও মোহামেডান ইচ্ছাকৃত ভাবেই তাকে খেলাচ্ছে না। বিষয়টা সমাধানের জন্য বাফুফের সহায়তা চান তিনি।
আরিফুলের চিঠি পাওয়ার কথা স্বীকার করেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “জাতীয় দলের ডিফেন্ডার আরিফুলের একটি চিঠি আমরা পেয়েছি। সেখানে সে লিখেছে, তাকে ইচ্ছাকৃত ভাবে খেলানো হচ্ছে না। তবে বিষয়টি ক্লাব এবং খেলোয়াড়দের মধ্যে সুরহা করা উচিত।”
আরিফুল বাফুফের কাছে চিঠি পাঠানোর কারণে মোহামেডান কর্মকর্তারা তার ওপর ক্ষুব্ধ হন। ভারপ্রাপ্ত কোচ জুয়েল রানার মাধ্যমে তাকে অনুশীলন যোগ না দিতে জানিয়ে দেয়া হয়।
এই ব্যাপারে নকীব বলেন, “আরিফুল এই মৌসুমে এখন পর্যন্ত একটি মাত্র ম্যাচ খেলেছে। চোটের কারণে সে তিন মাস মাঠের বাইরে ছিল। প্রথম একাদশে খেলার জন্য তার কোন চেষ্টাই আমরা লক্ষ্য করিনি। অথচ সে উল্টো আমাদের বিপক্ষে বাফুফের কাছে অভিযোগ করেছে।”
“একজন খেলোয়াড়ের এই কাজটি করা ঠিক হয়নি। সে একটি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। ক্লাবের নিয়ম মেনেই তাকে চলতে হবে,” যোগ করেন মোহামেডানের এই সহকারী ম্যানেজার।
