২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দি মারিয়াই ম্যাচসেরা

রোনালদো বা বেল নন, দলকে সমতায় ফেরানো রামোসও নন। রিয়াল মাদ্রিদের শিরোপা জয়ের ম্যাচের সেরা হয়েছেন আনহেল ডি মারিয়া। তবে এর জন্য অনেক কিছুই সইতে হয়েছে তাকে। এক বছরের কঠোর পরিশ্রম তো আছেই, ম্যাচে অক্লান্ত পরিশ্রম করে পায়ে ব্যথা ধরে গেছে তার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 07:13 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

পুরনো খবর:

আতলেতিকোর স্বপ্ন ভেঙে রিয়ালের লা দেসিমা

শনিবার পর্তুগালের রাজধানী লিসবনে আতলেতিকো মাদ্রিদকে ৪-১ গোলে হারিয়ে ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসরে দশম শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড দি মারিয়া।

৩৬তম মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল। এর পর থেকেই শুরু হয় তাদের ম্যাচে ফেরার লড়াই। সেই লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দি মারিয়া। প্রায় পুরোটা ম্যাচ জুড়েই বাঁ প্রান্তে অক্লান্ত পরিশ্রম করে যান তিনি। তার কল্যাণেই একের পর এক আক্রমণ করে যেতে পারে রিয়াল।

১০৯তম মিনিটে দলকে এগিয়ে দেয়া গোলটি গ্যারেথ বেলের হলেও কৃতিত্ব কিন্তু পুরো ম্যাচে অসাধারণ ফুটবল খেলা দি মারিয়ার। ক্ষিপ্ত গতিতে বল নিয়ে ছুটে মারিয়ার নেয়া শট ঝাঁপিয়ে পড়ে ফেরানোর চেষ্টা করেছিলেন গোলরক্ষক করতোয়া। বল শূন্যে পেয়ে হেড করে জালে বল পাঠাতে কোনো ভুল করেননি বেল।

বল নিয়ে দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে পায়ে ব্যথা ধরে গেছে ডি মারিয়ার। ম্যাচ শেষে আর্জেন্টিনার এই ফরোয়ার্ড বলেন, “পায়ের পেছনে অল্প ব্যথা টের পেয়েছি আমি। এক সময় আর দৌড়াতে পারছিলাম না। তাই একটু পেছনে চলে এসে মার্সেলোকে আমার সামনে খেলতে দিয়েছি।”

শুধু পায়ের ব্যথাই নয়, একটা চ্যাম্পিয়ন্স লিগ জিততে গত এক বছর ধরেই পুরো দল পরিশ্রম করে এসেছে। ম্যাচ শেষে সেই সাধনার কথাও তুলে ধরেছেন দি মারিয়া।

“আমরা পুরো দলই বছর জুড়ে পরিশ্রম করেছি। লা লিগা হেরে গেছি…বছর জুড়ে অনেক ত্যাগ স্বীকার করেছি আমরা। তাই এটা জিততে পারাটা দারুণ”