২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব রিলেতে জ্যামাইকার দাপট

উসাইন বোল্ট নেই তো কী হয়েছে, জ্যামাইকার দৌড়বিদরা ঠিকই মাতালেন প্রথমবারের মতো আয়োজিত বিশ্ব রিলে প্রতিযোগিতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 04:43 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

শনিবার বাহামায় আইএএএফ ওয়ার্ল্ড রিলেতে ইয়োহান ব্লেকের নেতৃত্বে ৪*২০০ মিটার রিলেতে বিশ্ব রেকর্ড গড়েছে জ্যামাইকার স্প্রিন্টাররা। তাদের সময় লাগে ১ মিনিট ১৮.৬৩ সেকেন্ড।

মার্কিন কিংবদন্তি কাল লুইসের নেতৃত্বে ১৯৯৪ সালে আগের রেকর্ডটি গড়েছিল যুক্তরাষ্ট্র দল।

২০০ মিটার দৌড়ে উসাইন বোল্টের পর সবচেয়ে দ্রুতগামী ব্লেকের রেকর্ড গড়ায় সঙ্গী ছিলেন নিকেল অ্যাশমিড, ওয়ারেন ইউয়ার ও জার্মেইন ব্রাউন। এই ইভেন্টে সেন্ট কিটস অ্যান্ড নেভিস দ্বিতীয় ও ফ্রান্স তৃতীয় হয়। ডিসকোয়ালিফাইড হয় মার্কিন দল।

মেয়েদের ৪*১৫০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড গড়ে কেনিয়া দল। দেশটির ছেলেরা জিতেছে ৪*৮০০ মিটার রিলে।

জ্যামাইকাকে হারিয়ে মেয়েদের ৪*১০০ মিটার দৌড়ে প্রথম হয়েছে যুক্তরাষ্ট্র দল।