২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারুফুল এবার শেখ জামালে

শেখ রাসেল থেকে বরখাস্ত হওয়া কোচ মারুফুল হক এবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। তবে কোচ হিসেবে নয়, শেখ জামাল তাকে নিয়োগ দিয়েছে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 10:53 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

গত মৌসুমে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ‘টেব্রল’ জেতানো কোচ মারুফুলের নিয়োগের বিষয়টি শনিবার ক্লাবটির সভাপতি মনজুর কাদের চূড়ান্ত করেছেন।

দেশের বেশির ভাগ বড় ক্লাবেই কাজ করার অভিজ্ঞতা আছে মারুফুলের। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও শেখ রাসেলের পর এবার শেখ জামালে যোগ দিলেন তিনি।

রোববার থেকে শেখ জামালে কাজ শুরু করে দেবেন গত এপ্রিলে শেখ রাসেল থেকে বরখাস্ত হওয়া এই কোচ।

শেখ জামাল সভাপতি জানান, মারুফুলকে মূলত টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। কোচ হিসেবে জোসেফ আফুসিই থাকছেন। মারুফ মূলত উপদেষ্টার ভূমিকায় থাকবেন।

গত শুক্রবার উত্তর বারিধারা ক্লাবের সঙ্গে ড্র করে শেখ জামাল। এই বারিধারাকেই প্রথম পর্বে তারা ৮-০ গোলে হারিয়েছিল।

দলের ব্যবস্থাপক আনোয়ারুল করিম হেলাল বলেন, “মারুফুলকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে পাওয়ায় আমাদের দল আরও উপকৃত হবে বলে আমার বিশ্বাস। তার পরামর্শে আশা করছি, দলের খেলার ধার আরও অনেকখানি বাড়বে।”

এই মৌসুমে মারুফুলকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে রাখা হলেও আগামী মৌসুমে তাকে মূল কোচের দায়িত্ব দেয়ার পরিকল্পনা রয়েছে শেখ জামাল কর্মকর্তাদের। সে হিসেবেই আগে থেকে তাকে দলে ভিড়িয়েছে ক্লাবটি।

নতুন দায়িত্ব পেয়ে মারুফুল শেখ জামালের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

“বর্তমান অবস্থায় শেখ জামাল কর্মকর্তারা আমাকে যে সম্মান দেখিয়েছে, আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”