ব্রাজিলে আন্দোলন ঠেকানোর প্রস্তুতি সারা
বিশ্বকাপের সময় সম্ভাব্য দাঙ্গা ঠেকাতে দৃঢ়প্রতিজ্ঞ ব্রাজিল সরকার। এ বিষয়ে বিশাল প্রস্তুতি নিচ্ছে তারা। এরই মধ্যে দাঙ্গা ঠেকাতে প্রয়োজনীয় সরঞ্জাম মজুদ করছে সরকার।
বিশ্বকাপের ১২টি ভেন্যুর ৩টি এখনো প্রস্তুত হয়নি। আয়োজনের আরো অনেক প্রস্তুতিই এখনো বাকি রয়েছে। এর মধ্যে ব্রাজিলকে সম্ভাব্য দাঙ্গা ঠেকানোর বিষয়টিও ভাবতে হচ্ছে। তবে ব্রাজিলের কর্মকর্তারা ধারণা করছেন, বিশ্বকাপ-বিরোধী আন্দোলন এবার আর গত জুনের মতো অত বড় আকারে হবে না।
বিশ্বকাপের স্টেডিয়াম তৈরির পেছনে কাড়ি কাড়ি টাকা ঢালার পরিবর্তে অন্যান্য সামাজিক খাতে ব্যয় বাড়ানোর দাবি আন্দোলনকারীদের। দাবি আদায়ের স্লোগান দিতে গিয়ে কখনো কখনো আন্দোলনকারীরা সহিংস হয়ে উঠছেন। জ্বলাও-পোড়াও আর ভাংচুরও করছে তারা।
বিষয়টি বিশ্ব ফূটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে খুব ভাবাচ্ছে।
ব্রাজিলের ১২টি শহরে আগামী ১২ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত হবে বিশ্বকাপ ২০১৪-এর আসর। কোটি কোটি মানুষ এই বিশ্বকাপ টেলিভিশনের পর্দায় দেখবে। আর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৬ লাখ সমর্থক ব্রাজিলে যাবে বলে আশা করা হচ্ছে।
ব্রাজিলে যাওয়া বিভিন্ন দেশের সমর্থকদের পুরো নিরাপত্তার ব্যবস্থা যেকোনো মূল্যে করার নিশ্চয়তা দিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও নিয়োগ করার কথা ভাবা হচ্ছে।
