২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লোসার রেকর্ড গড়া নিয়ে রোনালদোর দর্শন

ব্রাজিলের রোনালদোর বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটি জার্মানির মিরোস্লাভ ক্লোসা এবার ভাঙতে পারবেন কিনা, ফুটবল বিশ্বে এ নিয়ে আলোচনার অন্ত নেই। তবে রেকর্ডের মালিক জানিয়েছেন, বিষয়টি নিয়ে মোটেই মাথা ঘামাচ্ছেন না তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 06:50 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

ব্রাজিলের কিংবদন্তি ফরোয়ার্ড রোনালদো রেকর্ডের ব্যাপারে চিরায়ত সত্যটিই তুলে ধরেছেন।

“রেকর্ড হয়ই ভাঙার জন্য। কেউ না কেউ এটা ভাঙবে।”

১৯৯৪ ও ২০০২ সালের বিশ্বকাপজয়ী তারকা জানান, তিনি কখনই মনে করেন না যে রেকর্ডটি সারাজীবন টিকে থাকবে।

১৯৯৪ সালে বিশ্বকাপ দলে থাকলেও কোনো ম্যাচ খেলা হয়নি ১৭ বছর বয়সী রোনালদোর। ১৯৯৮ বিশ্বকাপে ৪টি গোল করেন তিনি। পরের বিশ্বকাপে ৮ গোল করে জেতেন ‘গোল্ডেন শু’। ২০০৬ সালের আসরে সেরা ফর্মে না থাকলেও তিনটি গোল করে জার্ড মুলারের ১৪টি গোলের রেকর্ড ভেঙে দেন তিনি।

জার্মানির ফরোয়ার্ড ক্লোসার গোল এখন স্বদেশি মুলারের সমান ১৪টি। এই বিশ্বকাপে আরেকটি গোল করে রোনালদোকে ছুঁয়ে ফেলার সুযোগ সামনে তার। ২ গোল করলেই রেকর্ডটি নিজের করে নেবেন লাৎসিওর এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

আর তা হলে রোনালদো তাকে স্বাগতই জানাবেন।

“সে যদি আমার চেয়ে বেশি গোল করে, তাহলে কৃতিত্ব তার প্রাপ্য।”

জার্মানির প্রাথমিক দলে আছেন ইতালির ক্লাব লাৎসিওর ফরোয়ার্ড ক্লোসা। জার্মানি দল বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ইতালির আল্পস এলাকায়। সেখানে অনুশীলন ক্যাম্পে সংবাদ সম্মেলনে তিনি জানান, রোনালদোর রেকর্ডে চোখ আছে তার।

রোনালদোর সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নেয়ার অনন্য সুযোগটিই এখন ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকারের চোট থেকে সেরে উঠার সবচেয়ে বড় প্রেরণা।