২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সকে ফাইনালেই দেখছেন কারেম্বু

প্লে-অফ খেলে কোনো রকমে ব্রাজিল বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা পেয়েছে ফ্রান্স। এর পরও দিদিয়ের দেশমের এই দলটিকে নিয়ে স্বপ্ন দেখছেন ১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা ক্রিস্তিয়ান কারেম্বু। তার দেশ বিশ্বকাপের ফাইনালে খেলতে পারে বলে মনে করেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 05:17 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

গত বিশ্বকাপে ১টি গোল আর মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ফ্রান্স। কিন্তু এবার দেশমের দল ভালো কিছুই উপহার দেবে বলে শুক্রবার মন্তব্য করেছেন কারেম্বু।

“এবারের বিশ্বকাপে বাছাই পর্ব উতরানোটাই আমাদের জন্য কঠিন হয়ে দাড়িয়েছিল। এরপরও আমরা বিশ্বকাপে অন্যতম প্রতিদ্বন্দ্বী। ফ্রান্স ১৯৯৮ সালের পূণর্মঞ্চায়ন করতে পারে। অথবা ২০০৬ জার্মানি বিশ্বকাপের মতো ফাইনালে যেতে পারে। আমরা আসলে অনেক দূরই যেতে পারি।”

ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ১৯৯৮ সালে বিশ্বকাপ জেতা ফ্রান্স দলে মিডফিল্ডার কারেম্বুর সঙ্গে ছিলেন তাদের বর্তমান কোচ দেশমও। দেশম কোচ বলেই ফ্রান্সের মানুষ এবার আবার স্বপ্ন দেখছে। আর কারেম্বুর বিশ্বাসের ভিত রচনা হয়েছে দলে অসংখ্য প্রতিভার উপস্থিতির কারণে। “আমাদের এবারের দলটি দারুণ। অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে।” পোর্তো অ্যালেগ্রেতে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ দিয়ে ফ্রান্স তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৫ জুন। এর পর সালভাদরে সুইজারল্যান্ড আর রিও ডি জেনেইরোতে ইকুয়েডরের বিপক্ষে খেলবে তারা। ব্রাজিল রওনা দেয়ার আগে তিনটি প্রীতি ম্যাচ খেলবে দেশমের দল। আগামী মঙ্গলবারের প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ নরওয়ে। এর ৫ দিন পর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে তারা। ৮ জুন জ্যামাইকার সঙ্গে খেলে ব্রাজিলগামী বিমানে উঠবে ফ্রান্সের বিশ্বকাপ দল।