স্পেন দলে ক্লান্তি নিয়ে চিন্তিত দেল বস্ক
বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে ব্রাজিল যাওয়ার আগে একটি ছোটো বাধার কথাও মাথায় আছে ভিসেন্তে দেল বস্কের। সদ্য শেষ হওয়া লম্বা মৌসুম দলের খেলোয়াড়দের শক্তি নিংড়ে নিয়েছে বলে মনে করছেন স্পেনের এই কোচ। তবে হাতে যেটুকু সময় আছে, এর মধ্যে এই ধকল কাটিয়ে ওঠা সম্ভব বলে বিশ্বাস করেন তিনি।
স্পেনের বিশ্বকাপ দলের বেশিরভাগ খেলোয়াড়ই বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ আর আতলেতিকো মাদ্রিদের। এবারের স্পেনের লা লিগায় সমানভাবে লড়াই করেছে এই তিনটি দল। লিগের শেষ দিনে শিরোপার নিষ্পত্তি হয়েছে।
শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও খেলবে স্পেনেরই দুটি রিয়াল মাদ্রিদ আর আতলেতিকো। দেল বস্কের কাছে এই পরিস্থিতিটা একই সঙ্গে ইতিবাচক ও নেতিবাচক।
শুক্রবার স্পেন দলের ওয়েবসাইটে দেল বস্ক নেতিবাচক বিষয়টি তুলে ধরেন এভাবে, “খেলোয়াড়দের অবস্থা নিয়ে একটু চিন্তা আছে। শেষ পর্যন্ত তারা কী অবস্থায় থাকে, এটা দেখার বিষয়।”
স্পেনের বিশ্বকাপ দলের প্রায় এক তৃতীয়াংশ খেলোয়াড় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আছেন উল্লেখ করে লম্বা আর ক্লান্তিকর মৌসুমের ইতিবাচক দিকটাও তুলে ধরেন দেল বস্ক।
