লিসবনে রিয়াল রেকর্ড না আতলেতিকো রূপকথা
মাদ্রিদে বহুবার লড়েছে দুই মেরুর এই দুই দল। ইতিহাস, ঐতিহ্য আর সাফল্যের বিচারে অনেক এগিয়ে রিয়াল। সেই তুলনায় প্রতিবেশী আতলেতিকোর তো পাত্তাই নেই। কিন্তু পর্তুগালের রাজধানী লিসবনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ঘুচিয়ে দিয়েছে ব্যবধানটা। স্পেনের রাজধানী থেকে আসা দুটি দলের চোখেই স্বপ্ন। রিয়াল মাদ্রিদের স্বপ্নটা রেকর্ড দশম শিরোপা জয়ের। আর আতলেতিকো চায় রূপকথার অনন্য এক সমাপ্তির।
চ্যাম্পিয়ন্স লিগের ৫৯ বছরের ইতিহাসে ফাইনালে প্রথম ডার্বির জন্ম দেয়া ক্লাব দুটি মুখোমুখি হবে শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।
আতলেতিকো মাদ্রিদের চোখে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার ঝিলিক এর আগে লেগেছিল ৪০ বছর আগে। ১৯৭৪ সালে প্রথম এবং সর্বশেষ ইউরোপের সবচেয়ে অভিজাত প্রতিযোগিতার ফাইনালে খেলেছিল তারা। তবে প্রথম স্বপ্নটা হারিয়ে গিয়েছিল বায়ার্ন মিউনিখের অসাধারণ ফুটবলের কাছে।
অন্যদিকে ইউরোপ সেরার মুকুট পড়ার অভ্যেস রিয়াল মাদ্রিদের খুব ভালো করেই আছে। একে একে ৯টি শিরোপা ঘরে তুলেছে তারা। কিন্তু দশম শিরোপা জিতে একটি মাইলফলক ছোঁয়ার সাধ জাগার পর থেকেই যেন এই শিরোপা ইউরোপের সবচেয়ে অভিজাত ক্লাবটি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে।
রিয়াল মাদ্রিদের জেতা সর্বশেষ ট্রফির ওপর তাই অনেক ধুলোই জমেছে। ২০০২ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর আর ফাইনালেও উঠতে পারেনি তারা। এবার দশম শিরোপা জয়ের স্বপ্ন পূরণের একেবারেই কাছে এসে পৌঁছেছে রিয়াল।
রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের এতো কাছে এসে একটু যেন অস্থিরই হয়ে পড়েছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারের অন্যতম বিশেষ রাতটির জন্য অপেক্ষা আর তর সইছে না চোট থেকে পুরোপুরি সেরে ওঠা পর্তুগিজ এই ফরোয়ার্ডের।
“রিয়াল মাদ্রিদের সবার কাছেই দশম শিরোপা জয় বড় এক স্বপ্ন। আমরা সবাই বেশ রোমাঞ্চিত। তাই আমরা শিরোপাটি জিততে চাই।”
১৬ গোল করে চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েছেন রোনালদো। শিরোপা জিততে পারলে পর্তুগালের অধিনায়ককের রাতটি সত্যিই বিশেষ কিছু হবে। ভিন দেশের ক্লাবের হয়ে নিজ দেশে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের স্বাদ কজনই বা নিতে পেরেছে। এই অভিযানে তিনি দেশের মানুষদের নিজের পাশেই পাবেন বলে বিশ্বাস রোনালদোর।
“আমি আশা করছি, পর্তুগালের সমর্থকরা রিয়াল মাদ্রিদের সমর্থন করবে। আর সেটা আমার জন্যই।”
