রোনালদোর গোলের রেকর্ডে চোখ ক্লোসার
অনন্য এক রেকর্ড হাতছানি দিচ্ছে জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে। বিশ্বকাপে ব্রাজিলের রোনালদোর সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নেয়ার অনন্য সুযোগটিই ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকারের চোট থেকে সেরে উঠার বড় প্রেরণা।
চোটের কারণে পুরো মৌসুমেই ভুগতে হয়েছে বিশ্বকাপের আগের তিন আসরে ১৪ গোল করা ক্লোসাকে। বিশ্বকাপে জার্মান কিংবদন্তি জার্ড মুলারের সঙ্গে সেরা গোলদাতাদের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন তিনি। তার সামনে আছেন ১৫টি গোল করা ব্রাজিলের রোনালদো।
ইতালির আল্পস এলাকায় অনুশীলন ক্যাম্পে সংবাদ সম্মেলনে ক্লোসা বলেন, “যারা আমাকে চেনেন, তারা জানেন, এটা আমার একটা লক্ষ্য। একটি গোল করলে আমি যৌথভাবে শীর্ষে উঠব। আর শীর্ষে যেতে দুটি গোল প্রয়োজন।”
লাৎসিওর এই স্ট্রাইকার জানান, তিনি চোট কাটিয়ে ফেরার পথেই আছেন।
“ফিটনেস কোচ জানেন আমার কী প্রয়োজন। আশা করছি, টুর্নামেন্টে শতভাগ ফিট থাকবো।”
ক্লোসার সামনে অবশ্য বিশ্বকাপের আগেই রয়েছে আরেকটি রেকর্ড করার সুযোগ। ৬৮ গোল করে মুলারের সঙ্গে যৌথভাবে জার্মানির সর্বোচ্চ গোলদাতা এখন এই স্ট্রাইকারই। ১ জুন ক্যামেরুন অথবা ৬ জুন আর্মেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে একটি গোল পেলেই ৬৯ গোল নিয়ে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হবেন তিনি।
ব্রাজিল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ‘জি’ গ্রুপে জার্মানির সঙ্গী পর্তুগাল, ঘানা ও যুক্তরাষ্ট্র।
