২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বারিধারার কাছে পয়েন্ট হারালো শেখ জামাল

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে শীর্ষে থাকা শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে রুখে দিয়েছে দুর্বল উত্তর বারিধারা ক্লাব। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 10:30 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

এই বারিধারা বিপক্ষে লিগের প্রথম পর্বে শেখ জামাল ৮-০ গোলের বিশাল ব্যবধানে জিতেছিল।

সবাইকে অবাক করে ম্যাচের প্রথমে এগিয়ে যায় বারিধারা। ১৭তম মিনিটে খালেকুজ্জামানের বাম প্রান্ত থেকে নেয়া ক্রস থেকে হেডে গোল করেন কেনিয়ার ফরোয়ার্ড কলিন্স তেগো।

দশ মিনিট পরেই ম্যাচে সমতা আনে শেখ জামাল। বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে প্রতিপক্ষ গোলরক্ষক ওসমান গনিকে বোকা বানান হাইতির ফরোয়ার্ড সনি নর্দে।

পরে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল জামাল, কিন্তু গোল আর হয়নি। বাধা হয়ে দাঁড়িয়েছিল বারিধারার রক্ষণভাগও।

ম্যাচের ৭৭ মিনিটে শেখ জামাল দারুণ একটি সুযোগ হাতছাড়া করে। সনির ক্রসে হাইতির আরেক ফরোয়ার্ড ওয়েডসন অ্যানসেলমের শট বারিধারার গোলরক্ষক প্রতিহত করেন।

এই ড্রয়ের পরও ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো শেখ জামাল। সমান ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে বারিধারার সংগ্রহ ১২ পয়েন্ট।

বিজেএমসি ও চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ভাগাভাগি একই মাঠে দিনের প্রথম ম্যাচেও পয়েন্ট ভাগাভাগি করেছে টিম বিজেএমসি ও চট্টগ্রাম আবাহনী। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

ম্যাচের ৭৯ মিনিটে গিনির স্ট্রাইকার ইসমাইল বানগুরার গোলে এগিয়ে যায় বিজেএমসি। ছয় মিনিটের ব্যবধানে হান্নানের গোলে খেলার সমতায় ফিরে চট্টগ্রাম আবাহনী।

এই ড্রয়ে ১৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে বিজেএমসি ষষ্ঠ স্থানে আছে। সমান ম্যাচ থেকে ৯ পয়েন্ট পেয়ে তলানিতে আছে চট্টগ্রাম আবাহনী।