নিজের মাঠে হোঁচট মুক্তিযোদ্ধার
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামটা মুক্তিযোদ্ধার ‘হোম ভেন্যু’। ঢাকার ক্লাবটি নিজেদের মাঠেই ফেনী সকার ক্লাবের কাছে পয়েন্ট হারিয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের সমতায়।
শুক্রবার শুরুতেই এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। দলকে এগিয়ে দেয়া গোলটি ২৪ মিনিটে করেন মিডফিল্ডার বিপুল আহমেদ।
সমতায় ফিরতে বেশিক্ষণ সময় নেয়নি ফেনী সকার। গাম্বিয়ার ডিফেন্ডার ল্যান্ডিং ডার্বোর গোলে স্বাধীনতা কাপের রানার্সআপ দলটি স্কোরলাইন ১-১ করে।
মুক্তিযোদ্ধা পরে অনেক চেষ্টা করেও আর গোল পায়নি।
দ্বিতীয়ার্ধে ফেনী সকার বেশ রক্ষণাত্মক ফুটবল খেলেছে। তাদের সেই জমাট রক্ষণ ভাঙতে পারেনি মুক্তিযোদ্ধার আক্রমণভাগ। শেষ পর্যন্ত নিজেদের মাঠে পয়েন্ট খুইয়েই মাঠ ছাড়তে হয় লিগের অন্যতম শক্তিশালী দলটিকে।
এই ড্রয়ের পর ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধার অবস্থান পঞ্চম। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ফেনী সকার আছে অষ্টম স্থানে।
