নেইমারের চাপ কমানোর পরামর্শ পেলের
নিজেদের মাঠে বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল। তবে ব্রাজিলের এই স্বপ্ন পূরণের পুরোটা ভার নেইমারের কাঁধে না চাপানোর পরামর্শ দিয়েছেন দেশটির ফুটবল কিংবদন্তি পেলে।
“আমি যখন সুইডেনে গিয়েছিলাম, তখন দলের মূল খেলোয়াড় ছিলাম না। ওটা ছিল আমার প্রথম বিশ্বকাপ এবং সেই সময়ে ব্রাজিল দলে গিলমার, নিলতন সান্তোস, জাগালো আর দিদির মতো বড় সব খেলোয়াড় ছিল। দলে তাই আমার ভূমিকা ছিল সহকারীর।”
সে তুলনায় নেইমার অল্প বয়সেই গুরুভার কাঁধে নিয়ে মাঠে নামতে যাচ্ছেন।
“নেইমারের বিষয়টি একেবারেই আলাদা। ওর কাঁধে বিরাট দায়িত্ব। এটা ওর প্রথম বিশ্বকাপ, দলের অন্যতম তরুণ খেলোয়াড় ও। অথচ দায়িত্বটা অনেক বড়।”
“আক্রমণভাগ নিয়ে এখনো কিছু প্রশ্ন থেকে গেছে। শুধু নেইমার থাকলেই চলবে না, আক্রমণভাগে ভালো খেলোয়াড় আমাদের আরো প্রয়োজন। উইঙ্গার প্রয়োজন। লোকেরা হাল্কের কথা বলে। কিন্তু ওর শুধু শক্তিই আছে। ওর (নেইমার) পাশে আমাদের আরো প্রতিভাবান খেলোয়াড় দরকার।”
