২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোচকে লাঞ্ছিত করার শাস্তি পেল টিপু সুলতান

পাইওনিয়ার লিগের দল টিপু সুলতান ক্লাবকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি। ক্লাবের কর্মকর্তারা অগ্রনী ব্যাংক ক্রীড়া চক্রের সহকারী কোচকে লাঞ্ছিত করায় এই শাস্তি দিয়েছে বাফুফে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 10:43 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বৃহস্পতিবার বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়।

১৬ মে পল্টন মাঠে আরাফ স্পোর্টিং ক্লাব ও টিপু সুলতানের কর্মকর্তারা রেফারির ওপর চড়াও হলে তা থামাতে গিয়ে লাঞ্ছিত হন অগ্রনী ব্যাংক ক্রীড়া চক্রের সহকারী কোচ হাজী মোহাম্মদ রফিক। তিনি সে ম্যাচ সেরা খেলোয়াড়কে পুরস্কার দিতে গিয়েছিলেন।

এই ঘটনায় টিপু সুলতান ক্লাবকে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি তাদের এক পয়েন্ট কেটে নেয়া হয়। অক্রীড়াসুলভ আচরণের জন্য টিপু সুলতান ক্লাবের দুই কর্মকর্তা নয়ন চৌধুরী ও মোহাম্মদ জুয়েলকে আগামী এক মৌসুম পাইওনিয়ার লিগের সব কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।