২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াহেদের জোড়া গোলে মোহামেডানের জয়

অর্ন্তবর্তীকালীন কোচ জুয়েল রানা অধীনে অন্য রূপে দেখা গেলো মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে। বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে স্ট্রাইকার ওয়াহেদ আহমেদের জোড়া গোলে তারা ২-১ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 10:30 PM

Updated : 13 Oct 2022, 12:07 PM

পর্তুগিজ কোচ রুই জোসে কাপেলা বাতিস্তার অনুপস্থিতে আগের দিনই জুয়েলকে মোহামেডানের অর্ন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হয়। জুয়েলের অধীনে প্রথম ম্যাচে দলও ভালো খেলেছে।

ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে মোহামেডান। মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের ব্যাকহিলে স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির শট ব্রাদার্সের এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে এলে মোহামেডানের পাওয়া প্রথম সুযোগটি নষ্ট হয়।

অবশ্য ১৬তম মিনিটে মোহামেডান এগিয়ে যায় ওয়াহেদের চমৎকার এক গোলে। নাইজেরীয় মিডফিল্ডার ডেমিয়েন চিগোজির ফ্রি-কিকে থেকে বল পেয়ে ওয়াহেদ লক্ষ্যভেদ করেন।

অবশ্য ৫২তম মিনিটে সমতা আনে ব্রাদার্স। মোহামেডান মিডফিল্ডার হেমন্তের কাছ থেকে বল কেড়ে নিয়ে তিন ডিফেন্ডারকে কাটিয়ে ফরোয়ার্ড রুবেল মিয়া আড়াআড়ি শটে গোল করেন।

ম্যাচের ৭১তম মোহামেডানের জয়সূচক গোলটি করেন ওয়াহেদ।

ম্যাচে বেশ কিছু সুযোগ পেয়েছে মোহামেডান। স্ট্রাইকাররা সফল হলে হয়তো তাদের জয়ের ব্যবধান আরও বড় হতে পারতো।

এই জয়ের সুবাদে ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে মোহামেডান আছে তৃতীয় স্থানে। এক ম্যাচ বেশি খেলে ব্রাদার্স ২৬ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে।