ব্যর্থ হওয়ার অধিকার আছে স্পেনের!
ব্রাজিল বিশ্বকাপে মাথা থেকে সব চাপ সরিয়ে রাখতে দারুণ এক যুক্তির আশ্রয় নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের অধিনায়ক ইকার ক্যাসিয়াস। বর্তমান দলটি গত ৬ বছরে কেবল সাফল্যই পাওয়ায় ব্যর্থ হওয়ার অধিকার অর্জন করেছে বলে মনে করেন এই গোলরক্ষক।
২০০৮ সালের ইউরো আর ২০১০ বিশ্বকাপের পর ২০১২ সালের ইউরো জিতেছে স্পেন। টানা এই তিনটি শিরোপা জিতে বিরল এক ইতিহাস গড়েছে তারা। গত ৬টা বছর স্পেনের ফুটবলে যেন সোনালি এক অধ্যায়ই ছিল।
এবার তাদের সামনে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার পালা। কিন্তু এ নিয়ে কোনো চাপ নিতে নারাজ স্পেন ও রিয়াল মাদ্রিদের গোলরক্ষক ক্যাসিয়াস।
“আমার মনে হয়, ব্রাজিলে আমাদের চাপমুক্ত হয়ে যাওযা উচিত। এই ৬ বছরে আমরা শুধু ভালোই করিনি, যা করেছি সেটা অত্যাশ্চার্য। আমরা ব্যর্থ হওয়ার অধিকার অর্জন করেছি।”
ব্রাজিল বিশ্বকাপে ফেভারিটদের মধ্যে আছে স্পেন। তবে ক্যাসিয়াস মনে করেন, শিরোপা ধরে রাখার কাজটি মোটেই সহজ হবে না।
“শিরোপা ধরে রাখার পরিকল্পনা নিয়ে যাচ্ছি আমরা। তবে বাকি ৩১টি দলও শিরোপা জিততে চাইবে। বিষয়টি তাই খুব একটা সহজ হবে না।”
স্পেনকে গ্রুপ পর্বে লড়াই করতে হবে গত বিশ্বকাপের রানার্সআপ নেদারল্যান্ডস, দক্ষিণ আমেরিকার দল চিলি আর অস্ট্রেলিয়ার সঙ্গে। গ্রুপ পর্ব উতরানোটাই কঠিন হবে বলে মনে করেন ক্যাসিয়াস।
“আমরা কঠিন এক গ্রুপে পড়েছি। প্রথম দুটি ম্যাচ আবার নেদারল্যান্ডস ও চিলির বিপক্ষে।”
