২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর আবার ড্র

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আবারও ড্র নিয়ে মাঠ ছাড়ল আবাহনী লিমিটেড। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা গোলশূন্য ড্র করেছে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 09:28 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

শেখ জামালের বিপক্ষে ম্যাচের মতো এবারও তারা দশ জনের শেখ রাসেলকে হারাতে পারেনি। এ নিয়ে টানা দুই ম্যাচ ড্র করে শিরোপা দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ল চারবারের চ্যাম্পিয়ন আবাহনী।

ম্যাচের ১৮ মিনিটেই ১০ জনের দল হয়ে যায় গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল। হাইতির ফরোয়ার্ড প্যাসকেল মিলিয়েনকে সরাসরি লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয়। আবাহনীর ডিফেন্ডার মোফাজ্জল সৈকতকে ফেলে দিলে রেফারি তৈয়ব হাসান তাকে লাল কার্ড দেখান।

শ্রীলঙ্কায় প্রেসিডেন্টস কাপে ভালো করে ফেরা শেখ রাসেল প্যাসকেলের অভাব ভালোই টের পাচ্ছিল। দু-একটি সুযোগ তৈরি করেও গোল পায়নি গতবারের ‘ট্রেবল’ জয়ী দলটি।

ম্যাচের প্রায় ৭২ মিনিট ১০ জন নিয়ে খেলা শেখ রাসেলের রক্ষণে ভীতি ছড়াতে পারেনি আবাহনীও। ৭৫তম মিনিটে ভালো একটি সুযোগ এসেছিল তাদের। তবে আতিকুর রহমান মিশুর কর্নারে মিডফিল্ডার প্রাণোতোষ কুমারের নেয়া হেড দারুণভাবে রুখে দেন শেখ রাসেল গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্য।

ম্যাচ শেষ হওয়ার ৬ মিনিট বাকি থাকতে শেখ রাসেলও গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু ফরোয়ার্ড মিঠুন চৌধুরী বক্সের মধ্য থেকেও বল জালে জড়াতে পারেননি।

এই ড্রয়ের ফলে আবাহনী ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শেখ জামাল। আর শেখ রাসেল ১৪ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে।