খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার দাবি
খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার দাবি জানিয়েছেন কয়েকজন সাবেক ক্রীড়াবিদা। দেশের ক্রীড়াঙ্গন দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণে ছেয়ে গেছে বলে রাজধানীতে এক সেমিনারে অভিযোগ করেন তারা।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘সেভ দ্য স্পোর্টস’ এর আয়োজনে ‘ক্রীড়াঙ্গনে-দূর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।
বিএনপি নেতা ও সাবেক ফুটবলার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “ভারত ও পাকিস্তান খেলাধুলায় এগিয়ে রয়েছে তার কারণ তাদের ক্রীড়াঙ্গন রাজনীতির ঊর্ধ্বে থাকে। সরকার দলীয় কোনো নেতা-কর্মীই ফেডারেশনগুলোতে এসে নাক গলান না।”
“কিন্তু সম্পূর্ন বিপরীত আমাদের ক্রীড়াঙ্গন। এখানে শুধু রাজনীতির প্রভাবই নেই; দুর্নীতিতে একরকম ছেয়ে আছে”, যোগ করেন বাফুফের এই সাবেক সাধারণ সম্পাদক।
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের দেশীয় সংস্কৃতিকে এড়িয়ে বিদেশি সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে, যা আমাদের জন্য লজ্জাজনক।”
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সদস্য ও বিএনপি নেতা খায়রুল কবির খোকনের দৃষ্টিতে, “ক্রীড়াঙ্গনে এখন অরাজকতা চলছে। এই অঙ্গনকে সুন্দর ও সুস্থ রাখাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।”
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ক্রীড়াবিদ মনজুর হাসান মিন্টু মনে করেন, দলীয়করণ ও স্বজনপ্রীতি এখন ক্রীড়াঙ্গনে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনেই এসব সবচেয়ে বেশি চলছে।
স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ও সেভ দ্য স্পোর্টসের আহ্বায়ক জাকারিয়া পিন্টু জানান, সংগঠনটি গঠন করা হয়েছে ক্রীড়াঙ্গনকে দুর্নীতি থেকে রক্ষা করার জন্য।
তবে ক্রীড়াঙ্গনের কোন ফেডারেশনে কী ধরণের দুর্নীতি হচ্ছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি সংগঠনটি।
