২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলেই রিবেরির শেষ বিশ্বকাপ

বয়স ৩১ হয়ে গেছে। বলেই দিয়েছেন ব্রাজিলেই তার শেষ বিশ্বকাপ। আর শেষটা স্মরণীয় করে রাখতে শিরোপা জিততে চান ফ্রান্সের উইঙ্গার ফ্র্যাঙ্ক রিবেরি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 01:29 AM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বুধবার বায়ার্ন মিউনিখ তারকা রিবেরি জানান, এটাই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। ২০০৬ ও ২০১০ সালের বিশ্বকাপে খেলা রিবেরির তাই এবার একটাই লক্ষ্য- শিরোপা।

ফরাসি বেতার আরটিএলকে রিবেরি বলেন, “আমরা ব্রাজিলে যাব কিছু করতে। আর চেষ্টা করবো বিশ্বকাপ জিততে।”

ফ্রান্সের হয়ে ৮০ ম্যাচে ১৬ গোল করেছেন রিবেরি। এখনই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন না তিনি। ২০১৬ সালে ঘরের মাঠে ইউরোতে খেলার পরিকল্পনা রয়েছে এই উইঙ্গারের।

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপের ঠিক আগে জাতীয় দলে জায়গা করে নেন রিবেরি। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে স্পেনের বিপক্ষে ৩-১ গোলের জয়ে প্রথম আন্তর্জাতিক গোলটি পেয়েছিলেন তিনি। ইতালির কাছে হেরে যাওয়া ফাইনালসহ প্রতিটি ম্যাচেই খেলেছিলেন তিনি।

২০০৮ সালে ইউরো ও ২০১০ সালে বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়া ফ্রান্স দলেও ছিলেন রিবেরি। ২০১২ সালের ইউরোয় চ্যাম্পিয়ন স্পেনের কাছে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় তার দল।