আকর্ষণীয় ও কার্যকর ফুটবলের প্রতিজ্ঞা এনরিকের
খেলোয়াড়ী জীবনে বার্সেলোনার হয়ে অনেক সাফল্য পেয়েছেন লুইস এনরিকে। কোচ হিসেবেও তার পুনরাবৃত্তি চান তিনি। তাই সাবেক এই অধিনায়কের কণ্ঠে ‘আকর্ষণীয় ও কার্যকর ফুটবল’ এর প্রতিশ্রুতি।
বার্সেলোনার সঙ্গে দুই বছরের চুক্তি স্বাক্ষর করা এনরিকে বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, “এটা বিশেষ একটি দিন। আমরা নতুন ও রোমাঞ্চকর বার্সা বিনির্মাণ শুরু করেছি।”
লিওনেল মেসি, নেইমারদের গড়া বার্সেলোনা কেমন ফুটবল খেলবে তার একট ধারণাও দিয়েছেন এনরিকে।
“আমার দল আক্রমণ করবে। আমরা আকর্ষণীয় ও কার্যকর ফুটবল খেলবো, যা সারা বিশ্বের নিযুত ভক্তরা ভালোবাসবে। যার অর্থ আমাদের রক্ষণও ভালো করতে হবে।”
আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় বার্সেলোনা। এই দলটির কাছেই লি লিগা শিরোপা হারিয়েছে বার্সেলোনা। এছাড়া কিংস কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছে তারা।
কোনো শিরোপা জিততে না পারায় ব্যর্থতার দায় নিয়ে গত শনিবার সরে দাঁড়ান তিতো ভিলানোভার উত্তরসূরি জেরার্দো মার্তিনো।
তার স্থলাভিষিক্ত এনরিকে আশাবাদী, নতুন মৌসুমে ছন্দে ফিরবে বার্সেলানো। আর তার সূত্রটাও বলে দিয়েছেন সেল্তা ভিগোর হয়ে চমৎকার একটি মৌসুম কাটিয়ে আসা ৪৪ বছর বয়সী এনরিকে।
“আমি পরিকল্পনা খেলোয়াড়দের জানাবো। আর ওদের সঙ্গে কথা বলবো যেন ওরা মাঠে নিজের মতো করে খেলতে পারে।”
খেলোয়াড়দের ওপর কোনো কিছু চাপিয়ে দেবেন না এনরিকে। তবে শিষ্যদের কঠোর পরিশ্রম আর ক্ষুধা প্রতিদিন দেখার প্রত্যাশা তার।
বার্সেলোনা বোর্ডের বিশ্বাস, ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত কোচের দায়িত্ব পালন করা আরেক সাবেক মিডফিল্ডার পেপ গার্দিওলার মতোই সাফল্য পাবেন এনরিকে।
শেষ মৌসুমে কিছুটা অনুজ্জ্বল থাকলেও এনরিকের বিশ্বাস শিগগির নিজেকে ফিরে পাবেন চারবারের ফিফা বর্ষ সেরা ফুটবলার মেসি।
দলে গ্রহের সেরা ফুটবলারের উপস্থিতিতে ভীষণ উচ্ছ্বিসিত এনরিকে। দায়িত্ব নিতে এটাও তাকে অনুপ্রাণিত করেছে বলে জানান তিনি।
