২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপেলার অনুপস্থিতিতে মোহামেডানের কোচ জুয়েল রানা

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের অর্ন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হয়েছে সাবেক তারকা ফুটবলার জুয়েল রানাকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 09:18 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

পর্তুগিজ কোচ রুই জোসে কাপেলা বাতিস্তা স্ত্রীর অসুস্থতার জন্য ছুটিতে থাকায় দলটির সাবেক অধিনায়ককে এ দায়িত্ব দেয়া হয়েছে।

বুধবার দায়িত্ব নিয়েই বিকেলে মোহামেডান দলকে অনুশীলনও করিয়েছেন জুয়েল রানা। কাপেলার ফিরে আসার আগ পর্যন্ত তিনিই দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।

মোহামেডানের পরিচালক লোকমান হোসেন ভুঁইয়া বলেন, “কাপেলা খুব সহসাই ফিরতে পারছেন না বলেই আমরা একজন নির্ভরযোগ্য কোচকে দায়িত্ব দেয়ার কথা ভেবেছিলাম। সে বিবেচনায় জুয়েল রানাকে আমরা বেছে নিয়েছি। আমরা আশা করছি, তার হাত ধরে মোহামেডান ভালো কিছু করতে পারবে।”

জুয়েল রানা এর আগে গত মৌসুমে এই মোহামেডানেই সাইফুল বারী টিটুর সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই মৌসুমের শুরুর দিকেও তিনি কোচিং স্টাফ ছিলেন। কিন্তু পারিশ্রমিক নিয়ে কর্মকর্তাদের সঙ্গে টানাপোড়ন তৈরি হওয়ায় দায়িত্ব ছেড়ে দেন তিনি।

ক্যাপেলার অনুপস্থিতে দলটির আরেক সাবেক অধিনায়ক আলফাজ আহমেদকে দায়িত্ব দেয়া হলেও তার অধীনে প্রথম ম্যাচে খুব একটা উজ্জ্বলতা ছাড়াতে পারেনি দল। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে সেই ম্যাচে মোহামেডান পেনাল্টিতে একমাত্র গোলে জয় পেয়েছিল। শেষ পর্যন্ত জুয়েল রানার সঙ্গে বনিবনা হওয়ায় তাকেই আবার ফিরিয়ে আনা হয়।

মোহামেডানে আবার ফিরে ভালো কিছু করার আশা প্রকাশ করলেন জুয়েল রানা।

“মোহামেডানের দায়িত্বটা আমার কাছে নতুন কিছু নয়। এই ক্লাবে দীর্ঘ সময় খেলেছি। সহকারী কোচও ছিলাম। এবার অর্ন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হয়েছে। আমার চেষ্টা থাকবে লিগে দলকে ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়া।”

বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডান এখন ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। সমান ম্যাচ থেকে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ঢাকা আবাহনী লিমিটেড।