ইতালিকে ফাইনালের দল বলছেন প্রানদেল্লি
ইতালিকে ফুটবল বিশ্বকাপের ফাইনালে যাওয়ার মতো দল বলে মনে করেন কোচ চেজারে প্রানদেল্লি।
ব্রাজিল বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গী সাবেক দুই চ্যাম্পিয়ন উরুগুয়ে ও ইংল্যান্ড এবং কোস্টা রিকা।
১৪ জুন ইংল্যান্ডকে হারিয়েই পঞ্চম শিরোপা জয়ের অভিযান শুরু করতে চান প্রানদেল্লি।
৩০ জনের প্রাথমিক দল নিয়ে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্পের শুরুতে শিষ্যদের কোচ বলেন, “প্রথম ম্যাচে শক্তিশালী একটি দলকে হারিয়ে তিন পয়েন্ট অর্জন খুব গুরুত্বপূর্ণ।”
গতবার শিরোপা জেতার পথে স্পেন অবশ্য উদ্বোধনী ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হেরেছিল।
২০০৬ সালে চতুর্থ বিশ্বকাপ শিরোপা জেতা ইতালি গতবার প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল। লজ্জা মোচনে এবার তার দলের ওপর প্রত্যাশা অনেক বেশি তার।
২০১২ সালে অপ্রত্যাশিতভাবেই ইউরোর ফাইনালে পৌঁছেছিল ইতালি।
চূড়ান্ত দল সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলেও ‘শেষ মিনিটে’ ২৩ জনের দল দেবেন বলে জানান ইতালির এই কোচ।
