২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি মাসেই ঢাকায় ফিরছেন ফুটবল কোচ

ছুটি শেষে শিগগিরই দেশে ফিরছেন দুই কোচ লোডভিক ডি ক্রুইফ ও রেনে কোস্টার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 11:12 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “ক্রুইফ ও রেনে আমাদের ঢাকায় আসার কথা জানিয়েছেন। জাতীয় দল কমিটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাদের ঢাকায় আসতে বলবো। আশা করছি, এই মাসের শেষ সপ্তাহে তারা ঢাকায় এসে পৌঁছাবেন।”

তাদের অনুপস্থিতে ইনচন এশিয়ান গেমসের জন্য ৩০ জনের প্রাথমিক তালিকা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে পাঠিয়ে দিয়েছে বাফুফে। দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির স্থানীয় কোচেরা এই দলটি ঠিক করেছেন। ক্রুইফরা ঢাকায় ফিরলেই এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি শুরু হবে।

জাতীয় দলের কোন কার্যক্রম না থাকায় গত ৬ এপ্রিল এক মাসের ছুটিতে নিজ দেশে যান ক্রুইফ ও কোস্টার। ছুটি শেষ হলেও তারা আর ঢাকায় ফেরেননি।

ক্রুইফ বাফুফেকে এক ই-মেইল বার্তায় মঙ্গলবার জানিয়েছেন, শিগগির ঢাকায় ফিরছেন তারা। ঢাকা থেকে বিমানের টিকিট পাঠানো হলেই তারা রওনা দেবেন।