নাগাতোমোর লক্ষ্য বিশ্বকাপ জয়!
ইয়োতো নাগাতোমোর উচ্চাকাঙ্খা নেই, এমন অভিযোগ আর কেউ করতে পারবে না। দলের সঙ্গে ব্রাজিলে যাওয়ার আগে নিজের লক্ষ্যের কথা সাফ জানিয়ে দিয়েছেন জাপানের এই ডিফেন্ডার। একবারে বিশ্বকাপ শিরোপাটাই তার চাই।
টোকিও বিমানবন্দরে কিয়োদো সংবাদ সংস্থাকে ইন্টার মিলানে খেলা নাগাতোমো বলেন, “আমার লক্ষ্য চাম্পিয়নশিপটা (বিশ্বকাপ) জেতা।”
এবার দিয়ে টানা পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছে ‘ব্লু সামুরাই’ নামে পরিচিত জাপান। ১২ জুন থেকে শুরু হওয়া প্রতিযোগিতার ‘সি’ গ্রুপে খেলবে তারা। এই গ্রপটিতে জাপানের সঙ্গে আরো আছে গ্রিস, কলম্বিয়া ও আইভরি কোস্ট।
এ পর্যন্ত এশিয়ার কোনো দেশ বিশ্বকাপ জিততে পারেনি। আর বিশ্বসেরার লড়াইয়ে জাপানের সর্বোচ্চ দৌড় ২০০২ সালে দ্বিতীয় রাউন্ড। সেবার জাপান ও দক্ষিণ কোরিয়ার যৌথ আয়োজনে হয়েছিল প্রতিযোগিতাটি।
