২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন চুক্তিতে বেতন বাড়ল মেসির

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন দলের সেরা তারকা লিওনেল মেসি। এর ফলে চারবারের ফিফা ব্যালন ডি’ অর জয়ী খেলোয়াড় হতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 02:52 AM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বছরে তার বেতন হতে যাচ্ছে ২ কোটি ইউরো (১ কোটি ৬৩ লাখ পাউন্ড)।

এক বিবৃতিতে লা লিগার দলটি জানিয়েছে, ২০১৮ সালে শেষ হতে যাওয়া চুক্তি পুনর্বিন্যাস করা হয়েছে।

বিবৃতিতে চুক্তির বিস্তারিত কিছু বলা হয়নি। তবে স্পেনের গণমাধ্যম বলছে, ২৬ বছর বয়সী এই মহাতারকা পারফরম্যান্স বোনাসসহ প্রতি মৌসুমে প্রায় ৫০ লাখ ইউরো বেশি আয় করতে পারেন।

মেসি তার টুইটার বার্তায় বলেছেন, আমি সবসময়ই যেমন বলি ঘরে থাকতে পেরে আমি খুশি।

চলতি মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি বার্সা। মেসি স্বীকার করে নিয়েছেন এবার তারা নিজেদের সেরা ছন্দে ছিলেন না।

‍‍‍তিনি বলেন, “বার্সেলোনার সবাইকে আমি শুধু দুঃখিত বলতে পারি। তবে প্রতিজ্ঞা করছি আগামীবার দল স্বরূপে ফিরবে এবং আমরা গুরুত্বপূর্ণ কিছু অর্জন করতে পারবো।”

নতুন চুক্তিতে আর্জেন্টিনার অধিনায়ক তার ছবির স্বত্ব ফিরে পেয়েছেন।

ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, এতো দিন প্রতি মৌসুমে মেসির আয় ছিল ১ কোটি ৩০ লাখ ইউরো। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ক্রিস্টায়ানো রোনালদো ১ কোটি ৮০ লাখ ইউরো ও পিএসজির জ্লাতান ইব্রাহিমোভিচ ১ কোটি ৪৭ লাখ ইউরো আয় করে তার চেয়ে এগিয়ে ছিলেন। এবার মেসি ছাড়িয়ে যেতে পারেন তাদের।

২০০৪-০৫ মৌসুমে মেসির অভিষেকের পর বার্সা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ও ছয়টি লা লিগা শিরোপাসহ ২১টি শিরোপা জিতেছে।

১৩ বছর বয়সে নিওয়েল ওল্ড বয়েজ থেকে বার্সা অ্যাকাডেমিতে যোগ দেন মেসি।