২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনার নতুন কোচ লুইস এনরিকে

ব্যর্থতার দায় নিয়ে বার্সেলেনা থেকে বিদায় নেয়া কোচ জেরার্দো মার্তিনোর জায়গায় নিয়োগ পেয়েছেন স্পেনের এই ক্লাবেরই সাবেক খেলোয়াড় লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 02:14 AM

Updated : 13 Oct 2022, 12:07 PM

বার্সেলোনার ওয়েবসাইটে বলা হয়, নির্বাহী পর্ষদ সোমবার দলের নতুন কোচ হিসেবে ৪৪ বছর বয়সী লুইস এনরিকের নাম নিশ্চিত করে।

মার্তিনোর উত্তরসূরি হিসেবে ক্লাবের ক্রীড়া পরিচালক সুবিসারেতা সেলতা ভিগোর কোচের দায়িত্ব ছেড়ে দেয়া এনরিকের নাম প্রস্তাব করেছিলেন। তার সঙ্গে স্পেনের অন্যতম সফল ক্লাবটির চুক্তি দুই বছরের।

গত শনিবার মৌসুমে কোনো শিরোপা জিততে না পারার দায় মাথায় নিয়ে বার্সেলোনার কোচের পদ থেকে সরে দাঁড়ান জেরার্দো মার্তিনো। ২০০৭-০৮ মৌসুমের পর এবারই প্রথম শূন্য হাতে মৌসুম শেষ করেছে বার্সা। এ নিয়ে তৃতীয়বার বার্সায় এলের এনরিকে। ১৯৯৬ সালে প্রথমবার রিয়াল মাদ্রিদ থেকে ক্যাম্প নউতে এসেছিলেন তিনি। বার্সা ভক্তদের প্রিয় তারকায় পরিণত হতে বেশি সময় নেননি তিনি। বড় ম্যাচে সময়ে গোল করার ক্ষমতা ও জাদুকরী দক্ষতার কারণে দ্রুত দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন তিনি। প্রথম তিন মৌসুমে জেতেন দুটি করে লা লিগা ও স্প্যানিশ কাপ শিরোপা আর একটি করে কাপ উইনার্স কাপ (বর্তমানের ইউরোপা কাপ) ও ইউরোপিয়ান সুপার কাপ। বার্সায় আট বছরের খেলোয়াড়ি জীবনে ৩০০ ম্যাচ খেলে করেছেন ১০৯ গোল। ২০০২ থেকে ২০০৪ সালে অবসর নেয়া আগ পর্যন্ত দলের অধিনায়কও ছিলেন তিনি। ২০০৮ সালে বার্সায় কোচ হিসেবে ফিরে দ্বিতীয় দলটির সঙ্গে কাজ শুরু করেন তিনি। দ্বিতীয় বছরই দ্বিতীয় বিভাগে উঠে আসে তার দল। ২০১০/১১ মৌসুমে তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করে বার্সা ‘বি’ দল। ২০১১ সালের জুনে ইতালির রোমার প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এনরিকে। কিন্তু দল সেরি আতে সপ্তম হওয়ার পর দায়িত্ব ছেড়ে দেন তিনি। ২০১৩ সালের জুনে সেলতা ভিগোর দায়িত্ব নেন এনরিকে। এ মৌসুমে লা লিগায় নবম হয়েছে দলটি।