২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলোয়াড়ি জীবনকে গিগসের বিদায়

প্রায় দুই যুগের ক্যারিয়ার শেষে অবশেষে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন রায়ান গিগস। সোমবার নিজ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েবসাইটে এক বিবৃতিতে একথা জানান ওয়েলসের এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 11:13 PM

Updated : 13 Oct 2022, 12:07 PM

ওল্ড ট্যাফোর্ডের দলটির নতুন কোচ লুইস ফন গালের সহকারী হওয়ার পরই খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার সিদ্ধান্ত নেন গিগস। গত মৌসুমে সাবেক কোচ ডেভিড ময়েসেরও সহকারী ছিলেন তিনি।

গত এপ্রিলে সাবেক কোচ ময়েসকে বরখাস্ত করে গিগসকেই অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিয়েছিল ইউনাইটেড কর্তৃপক্ষ। ঐ মৌসুমে একই সঙ্গে খেলোয়াড়ও ছিলেন তিনি।

খেলোয়াড়ি জীবনকে বিদায় জানাতে এদিন ইউনাইটেডের হয়ে রেকর্ড ৯৬৩টি ম্যাচ খেলা গিগস নতুন এক অধ্যায় শুরু করলেন।

গত ৭ মে ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে হাল সিটির বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন গিগস। ঐদিনই ম্যাচ শেষে অবসরের আভাস দিয়েছিলেন তিনি।

তবে বিদায় বেলায় আর ইউনাইটেডের জার্সিতে আর খেলতে না পারার হতাশাও ঘিরে ধরেছে গিগসকে। “ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলাটাই আমার সবসময়ের স্বপ্ন ছিল। যদিও এটা অনেক কষ্টের যে আর কখনও ইউনাইটেডের জার্সি গায়ে আমি খেলতে পারব না।”

১৯৮৭ সালে ১৪ বছর বয়সে ইউনাইটেডের যুব দলে যোগ দিয়েছিলেন গিগস। তার তিন বছর পর ইউনাইটেডের সঙ্গে পেশাদার খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। ইউনাইটেডকে অপ্রতিরোধ্য একটি দল হিসেবে গড়ে তোলার অ্যালেক্স ফার্গুসনের অভিযানের অন্যতম হাতিয়ার ছিলেন গিগস।

ওল্ড ট্র্যাফোর্ডের দলটির হয়ে ১৩টি লিগ শিরোপা ও দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ৩৫টি শিরোপা জিতেছেন ৪০ বছর বয়সী গিগস।