২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা ও ব্রাদার্সের ম্যাচ ড্র

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচে কেউ জেতেনি। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলের লড়াইটি ১-১ গোলে ড্র হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 08:58 PM

Updated : 13 Oct 2022, 12:06 PM

ম্যাচের ষষ্ঠ মিনিটেই হাইতির ফরোয়ার্ড অগাস্টিন ওয়ালসনের গোলে এগিয়ে গিয়েছিল ব্রাদার্স। নাইজেরিয়ার স্ট্রাইকার কেস্টার আখনের পাস থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ওয়ালসন।

৩৪তম মিনিটে নাইজেরিয়ার স্ট্রাইকার সানডে সিজোবাকে ব্রাদার্সের ঘানার ডিফেন্ডার ইউসুফ ইসা ফাউল করলে পেনাল্টি পায় মুক্তিযোদ্ধা। আর তা থেকেই গোল করে মুক্তিযোদ্ধাকে ম্যাচে ফেরান সানডে।

ব্রাদার্স খেলোয়াড়রা পেনাল্টি দেয়ার প্রতিবাদে মিনিটখানেক খেলা থেকে বিরত থাকেন। পরে অবশ্য খেলায় ফেরেন তারা।

দুই মিনিট পর এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে মুক্তিযোদ্ধা। বক্সের মধ্য থেকে সানডের অসাধারণ শট রুখে দেন ব্রাদার্স গোলরক্ষক।

নির্ধারিত সময় শেষের ৯ মিনিট বাকি থাকতে বড় একটা ধাক্কা খায় মুক্তিযোদ্ধা। তাদের ক্যামেরুনের ডিফেন্ডার জেরার্ড রিডক্স দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। একজন কম নিয়ে খেললেও বাকি সময়টা নির্বিঘ্নেই কাটিয়ে দেয় তারা।

এই ড্রয়ের ফলে ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ব্রাদার্স আছে চতুর্থ স্থানে। এক ম্যাচ কম খেলে ২২ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে মুক্তিযোদ্ধা।