৪ শিরোপায় খুশি গার্দিওলা
ফসকে গেছে কেবল চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটা; তাছাড়া বায়ার্ন মিউনিখের দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমে বুন্দেসলিগা ও জার্মান কাপসহ মোট চারটি শিরোপা জিতে বেশ খুশিই কোচ পেপ গার্দিওলা।
শনিবার বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে জার্মান কাপ জয়ের পর সন্তুষ্টির কথা জানালেন গার্দিওলা।
“আমার জন্য এটা খুব কঠিন একটা বছর ছিল, জার্মানিতে এটা আমার প্রথম বছর। সে হিসেবে চারটা শিরোপা ভালোই।”
গার্দিওলা আরো বলেন, “আমাদের কাজ করে যেতে হবে। আরো অনেক কাজ বাকি আছে। আমার চাওয়া অনুযায়ী এখনও এই দলটিকে গোছাতে পারিনি।”
গত বছরের জুনে বায়ার্নের দায়িত্ব নেয়ার কিছুদিন পরেই চেলসিকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে প্রথম শিরোপার স্বাদ পায় গার্দিওলা। আর ডিসেম্বরে ফিফা ক্লাব বিশ্বকাপ জেতে বায়ার্ন।
গত মার্চে রেকর্ড সাত ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা ধরে রাখা নিশ্চিত করে বায়ার্ন।
এরপর রিয়াল মাদ্রিদের কাছে বিধ্বস্ত হয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়ে গতবারের চ্যাম্পিয়নরা। তবে জার্মান কাপ জিতে মৌসুমের শেষটা ভালোই করল দলটি।
