২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাচদের রুখে দিল ইকুয়েডর

বিশ্বকাপ রানার্সআপ নেদারল্যান্ডসকে রুখে দিয়েছে ইকুয়েডর। শনিবার আমস্টারডাম অ্যারেনায় অধিনায়ক রবিন ফন পার্সির গোলে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অতিথিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে নেদারল্যান্ডস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 06:20 PM

Updated : 25 Apr 2022, 04:11 PM

নবম মিনিটেই ডাচদের চমকে দিয়ে এগিয়ে যায় লাতিন আমেরিকার দল ইকুয়েডর। ফেলিপে কেইসিদোর পাস থেকে সুবিধাজনক জায়গায় বল পেয়েছিলেন জেফারসন মনতেরো। একা গোলরক্ষককে পেয়ে দলকে এগিয়ে নেন চোট কাটিয়ে দলে ফেরা এই তারকা।

৩৭তম মিনিটে ফন পার্সির নৈপুণ্যে সমতা ফেরায় নেদারল্যান্ডস। জাতীয় দলের জার্সি গায়ে ম্যানচেস্টার ইউনাইটেড তারকার এটি ৪২তম গোল।

এ নিয়ে শেষ চারটি আন্তর্জাতিক ম্যাচে জয়শূন্য থাকলো লুইস ফন গালের দলটি।

এই ম্যাচে অবশ্য শুরুর একাদশে ঘরোয়া লিগে খেলা ১০ জন খেলোয়াড়কে নামিয়েছিলেন ফন গাল; বাইরের ছিলেন কেবল পার্সিই।

চোটের কারণে দুই মাস বাইরে থাকা পার্সি জানান, ম্যাচ ফিটনেস ফিরে পেতে বাকি প্রস্তুতি ম্যাচগুলোতেও খেলতে চান তিনি। ৩১ মে রটারডামে ঘানা ও ৪ জুন আমস্টারডামে ওয়েলসের বিপক্ষে আরো দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস।