লিসবনের ফাইনাল নিয়ে শঙ্কা নেই রোনালদোর
দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও স্ট্রাইকার করিম বেনজেমা গুরুতর কোনো চোটে ভুগছেন না বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি।
আগামী শনিবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগেই এই দুই খেলোয়াড় পুরোপুরি 'ফিট' হয়ে উঠবেন বলে জানিয়েছেন আনচেলত্তি।
শনিবার লা লিগার শেষ রাউন্ডে এসপানিওলের বিপক্ষে রোনালদোর খেলার কথা থাকলেও শেষ সময়ে পর্তুগিজ এই তারকাকে ছাড়াই খেলতে নামে রিয়াল। ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছিলেন রোনালদো।
এদিন রোনালদো না খেললেও ম্যাচটি ৩-১ গোলে জেতে রিয়াল। কিন্তু দশমবারের মতো ইউরোপ সেরা হতে দলে রোনালদোর প্রয়োজন অনেক।
গত দুই সপ্তাহে টানা তিন ম্যাচে যাচ্ছেতাই পারফরম্যান্স করে লিগ শিরোপার লড়াই থেকে ছিটকে পড়ে রিয়াল। তার মধ্যে দুটি ম্যাচে ছিলেন না রোনালদো।
রিয়াল ভায়াদলিদের বিপক্ষে ম্যাচের আট মিনিটে আহত হয়ে মাঠের বাইরে চলে যান তিনি। ঐ ম্যাচটি ড্র করেছিল রিয়াল। এরপর সেলতা ভিগোর বিপক্ষে তো মাঠেই নামতে পারেননি গত বছরের ফিফা বর্ষসেরা রোনালদো। ঐ ম্যাচে ২-০ গোলে হেরেছিল দলটি।
আর শনিবারের ম্যাচে নির্ধারিত সময়ের ২০ মিনিট বাকি থাকতে পেশীতে চোট পেয়ে মাঠ ছাড়েন বেনজেমা।
