ম্যান সিটি, পিএসজির শাস্তি
ইউরোপের নব্য দুই ধনী ক্লাব ম্যানচেস্টার সিটি ও পিএসজিকে প্রায় ৬ কোটি ইউরো জরিমানা করেছে উয়েফা।
উয়েফার সঙ্গে আপোষে গিয়ে আবুধাবির ধনকুবের শেখ মনসুরের ম্যানচেস্টার সিটি ও কাতারিদের মালিকানাধীন পিএসজি দলবদলের বাজারে খরচ কমাতেও রাজি হয়েছে।
সিটি জানিয়েছে, এই গ্রীষ্মে দলবদলের বাজারে তাদের খরচ ৬ কোটি ইউরোতে সীমাবদ্ধ করে দেয়া হয়েছে। তবে এই সীমারেখা টেনে দেয়া তাদের ভবিষ্যত পরিকল্পনায় বড় কোনো প্রভাব ফেলতে পারবে না বলেই ক্লাব কর্তাদের বিশ্বাস।
ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক এই সংস্থার আর্থিক নিয়ম ভাঙার জন্য আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের দলের ওপরও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের দলগুলো সবসময়ই ২৫ সদস্যের দল দিয়ে থাকে, কিন্তু শাস্তি হিসেবে সিটি আর পিএসজি দিতে পারবে ২১ সদস্যের দল।
উয়েফার আর্থিক নিয়ম অনুযায়ী খেলোয়াড় কেনা, বেশি বেতন দেয়াসহ অন্যান্য খরচ বাড়িয়ে ক্ষতির মুখে পড়লে জরিমানা দিতে হয় ক্লাবগুলোকে।
সিটি গত দুই মৌসুম প্রায় ১৪ কোটি ৯০ লাখ পাউন্ড ক্ষতির সম্মুখীন হয়েছে। এর মধ্যে ৯ কোটি ৭০ লাখ পাউন্ড ক্ষতি তাদের হয়েছে ২০১২ সালে, আর ৫ কোটি ১৬ লাখ পাউন্ড ২০১৩ সালে।
