২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লা লিগার ‘ফাইনাল’

বার্সেলোনার বিপক্ষে লিগের শেষ ম্যাচটি ড্র করতে পারলেই ১৮ বছর পর আবারো লা লিগার শিরোপা জিতবে আতলেতিকো মাদ্রিদ। তবে ক্যাম্প নউতে একদিক থেকে কিন্তু এগিয়ে থাকছে বার্সেলোনাই। ঘরের মাঠে খেলার সুবিধা কাজে লাগিয়ে জিততে পারলেই শিরোপা ধরে রাখবে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 09:46 AM

Updated : 13 Oct 2022, 12:06 PM

শনিবার বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের অলিখিত ‘ফাইনাল’ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

শেষ ম্যাচের আগে শীর্ষে থাকা আতলেতিকোর পয়েন্ট ৮৯। আর বার্সেলোনা তাদের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে আছে। সব প্রতিযোগিতা মিলে এ মৌসুমে মোট পাঁচবার মুখোমুখি হয়েছে দুই দল। একটিতে জিতেছে আতলেতিকো, অন্য চারটি ম্যাচ ড্র হয়েছে। এবারও ড্র হলেই চলে তাদের। তাহলেই ১৯৯৬ সালের পর লিগ শিরোপা জিতবে আতলেতিকো।

কিন্তু বার্সেলোনা জিতলে দুই দলের পয়েন্ট সমান হয়ে যাবে। সেক্ষেত্রে লা লিগার নিয়ম অনুযায়ী মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় তখন চ্যাম্পিয়ন হবে বার্সেলোনা।

১৯৫১ সালের পর এই প্রথম শিরোপার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে শেষ ম্যাচে চ্যাম্পিয়ন দল নির্ধারণ হচ্ছে। সেবার সেভিয়ার সঙ্গে লড়াইয়ে শিরোপা জিতেছিল আতলেতিকোই। লা লিগার ইতিহাসে এমনটি হয়েছে আর একবার।

পুরো মৌসুম জুড়ে দুর্দান্ত খেলছে এবারের চমক আতলেতিকো। অধিকাংশ সময়ই পয়েন্ট তালিকার শীর্ষে ছিল তারা। বার্সেলোনাও বরাবরই ছিল শিরোপা দৌড়ে। মাঝে কিছুটা পা হড়কালেও লিগের শেষদিকের নাটকীয়তায় এখন বেশ ভালো অবস্থানে মেসিরা।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সমর্থকদের একটা সুখবরও দিয়েছেন আতলেতিকোর কোচ দিয়েগো সিমেওনে। পায়ের পেশীর চোট কাটিয়ে দলে ফিরেছেন মূল ভরসা স্ট্রাইকার দিয়েগো কস্তা।

“দিয়েগো ভালো আছে। কোনো সমস্যা ছাড়াই সে অনুশীলন করেছে। বার্সেলোনার বিপক্ষে শুরু থেকেই সে খেলবে।”

দলের সেরা তারকাকে ফিরে পেলেও শিরোপা নির্ধারণী ম্যাচটি প্রতিপক্ষের মাঠে হওয়ায় ঠিক যেন স্বস্তি পাচ্ছেন না সিমেওনে। তাছাড়া বার্সেলোনা কঠিন একটা দল।

তারপরও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আর্জেন্টিনার এই কোচ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা জানি দলের কোথায় আমাদের শক্তি আর কোথায় কি দুর্বলতা। (এই ম্যাচে জিততে হলে) আমাদের সেরা পারফরম্যান্স করতে হবে।"

কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হার আর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে এই আতলেতিকোর কাছে হেরেই খালি হাতে মৌসুম শেষ করার শঙ্কায় আছে গতবারের লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা। তাই শনিবারের ‘ফাইনালটি’ জিতলে শিরোপা ধরে রাখার পাশাপাশি হতাশার গণ্ডি থেকেও বের হয়ে আসতে পারবে কোচ জেরার্দো মার্তিনোর দলটি। তাছাড়া আতলেতিকোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে হারের একটা প্রতিশোধও নিতে পারবে দলটি।