২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারেকে হারিয়ে শেষ চারে নাদাল

প্রথম সেট শোচনীয় ভাবে হারলেও ঘুরে দাঁড়িয়ে ব্রিটেনের অ্যান্ডি মারেকে হারিয়ে ইতালিয়ান ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন স্পেনের রাফায়েল নাদাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 09:17 AM

Updated : 22 Aug 2022, 06:17 PM

টুর্নামেন্টের সাত বারের চ্যাম্পিয়ন নাদাল শুক্রবার কোয়ার্টার-ফাইনালের প্রথম সেটে মাত্র ৩৭ মিনিটের মধ্যেই উইম্বল্ডন চ্যাম্পিয়ন মারের কাছে ১-৬ গেমে হেরে যান। তবে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে পরের দুটো সেটে ৬-৩, ৭-৫ গেমে জেতেন বিশ্বের এক নম্বর তারকা।

শেষ চারে নাদালের প্রতিপক্ষ বুলগেরিয়ার উঠতি তারকা গ্রিগর দিমিত্রভ।

অন্য কোয়ার্টার-ফাইনালে নাদালের প্রবল প্রতিপক্ষ নোভাক জোকোভিচ দারুণ লড়াইয়ের পর দাভিদ ফেরারকে হারান ৭-৫, ৪-৬, ৬-৩ গেমে।

সেমি-ফাইনালে জোকোভিচ মুখোমুখি হবেন কানাডার মিলোস রাওনিচের।

মেয়েদের কোয়ার্টার-ফাইনালে চীনের শুয়াই ঝ্যাংকে ৬-১, ৬-৩ গেমে উড়িয়ে দিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছেন শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস। সেমি-ফাইনালে তার প্রতিপক্ষ সার্বিয়ার আনা ইভানোভিচ।

অন্য কোয়ার্টার-ফাইনালে মেয়েদের দ্বিতীয় বাছাই চীনের লি নাকে হারিয়ে চমক দেখিয়েছেন ঘরের মেয়ে সারা এররানি। শেষ চারে তার প্রতিপক্ষ ইয়েলেনা ইয়ানকোভিচ।