এসপানিওলের বিপক্ষে খেলবেন রোনালদো
লা লিগার শেষ ম্যাচে এসপানিওলের বিপক্ষে খেলবেন ফিফা বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি খবরটি নিশ্চিত করেছেন।
লিগের এক ম্যাচ বাকি থাকতে ৮৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা রিয়ালের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন শেষ হয়ে গেছে আগেই। তারপরও দলের সবচেয়ে বড় তারকা রোনালদোর ম্যাচে ফেরার খবরটি রিয়াল সমর্থকদের জন্য দারুণ স্বস্তির।
কারণ আগামী সপ্তাহে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে স্পেনের সফলতম দলটি। তাই ঐ গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে রোনালদোর ফেরা খুব গুরুত্বপূর্ণ।
রিয়াল ভায়াদলিদের বিপক্ষে আট মিনিট খেলেই চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন রোনালদো। আর গত সপ্তাহে সেল্তা ভিগোর বিপক্ষে মাঠেই নামতে পারেননি তিনি। এই দুই ম্যাচের প্রথমটিতে ড্র করে আর দ্বিতীয় ম্যাচে হেরে শিরোপ স্বপ্ন ভেঙেছে তার দলের।
তবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার ব্যাপারে আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলেন টুর্নামেন্টের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙা রোনালদো।
