লিগে পুরনো চেহারায় শেখ রাসেল
এএফসি প্রেসিডেন্টস কাপের গ্রুপ পর্বে শেখ রাসেল ক্রীড়া চক্র সাফল্য পেলেও ঘরোয়া লিগে আবারও হোঁচট খেয়েছে তারা। শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে টিম বিজেএমসির কাছে ২-১ গোলে হেরে গেছে গত বারের চ্যাম্পিয়নরা।
মাত্র কয়দিন আগে শ্রীলঙ্কার কলম্বোতে এএফসি প্রেসিডেন্টস কাপে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের প্রথম কোনো দল হিসেবে মূল পর্বে ওঠে তারা। কিন্তু ঢাকায় এসে সেই পুরনো রূপ গতবারের ‘ট্রেবল’ জয়ীদের।
মন্টেনেগ্রোর কোচ দ্রাগান দুকানোভিচের অধীনে এই পর্যন্ত লিগে খেলা তিন ম্যাচের একটিতেও জয় পায়নি রাসেল। দুই ম্যাচে হেরেছে আর একটিতে ড্র করেছে তারা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অবশ্য শুরুতেই এগিয়ে যায় শেখ রাসেল। ২৩ মিনিটে ফরোয়ার্ড মিঠুন চৌধুরীর ক্রসে আলতো টোকা দিয়ে বল জালে পাঠান স্ট্রাইকার হেদায়েতুল্লাহ রবিন।
তবে বিরতির পাঁচ মিনিট আগে গিনির স্ট্রাইকার ইসমাইল বানগুরার গোলে সমতায় ফেরে বিজেএমসি। ডিফেন্ডার সাইফুল ইসলামের পাস পেয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন বানগুরা।
দুই মিনিট পর দলকে এগিয়ে দেয়ার দারুণ একটা সুযোগ নষ্ট করে বিজেএমসির নাইজেরীয় ফরোয়ার্ড স্যামসন ইলিয়াসু।
দ্বিতীয়ার্ধের শুরুতে শেখ রাসেলও ভালো একটি সুযোগ পেয়েছিল। কিন্তু মিঠুনের জোরালো শট বিজেএমসি গোলরক্ষক ঠেকিয়ে দেন। এর এক মিনিট পরেই পাল্টা আক্রমণ থেকে বানগুরার ক্রসে হেডে গোল করে দলকে এগিয়ে দেন বিজেএমসির ইলিয়াসু।
পিছিয়ে পড়ে শেখ রাসেল আরো কোনঠাসা হয়ে পড়ে। বাকি সময়ে প্রতিপক্ষের আক্রমণ সামলাতেই ব্যস্ত থাকতে হয় তাদের।
বিজেএমসি ১৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আর ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শেখ রাসেল সপ্তম স্থানে আছে।
