২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইকুয়েডরের বিপক্ষে ডাচ অধিনায়ক ফন পার্সি

ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শনিবার ডাচ দলের নেতৃত্ব দেবেন রবিন ফন পার্সি। চোটের কারণে মৌসুমের শেষ দিকে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 05:57 PM

Updated : 13 Oct 2022, 12:06 PM

পার্সিকে বিশ্বকাপের দলে রেখেছেন ডাচ কোচ লুইস ফন গাল। এখন প্রস্তুতি ম্যাচ খেলিয়ে তাকে প্রতিযোগিতামূলক ম্যাচে ধাতস্থ করতে চান তিনি।

বৃহস্পতিবার ফন গাল বলেন, “তাকে অবশ্যই ফিট হয়ে উঠতে হবে। বিশ্বকাপের আগে সবগুলো প্রীতি ম্যাচে সে নিজেকে গুছিয়ে নেয়ার সুযোগ পাবে।”

বৃহস্পতিবারই ৩০ বছর বয়সী ফন পার্সি দলের অনুশীলনে যোগ দেন।

এর আগে হাঁটুর চোটের কারণে দুই মাস মাঠের বাইরে ছিলেন পার্সি। চোট থেকে ফিরে অবশ্য লিগে ইউনাইটেডের হয়ে ৩টি ম্যাচ খেলেছেন তিনি। তবে শুরুর একাদশে ছিলেন মাত্র একটি ম্যাচে।

বিশ্বকাপের আগে আরো দুটি প্রীতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস। ৩১ মে রটারডামে ঘানার মুখোমুখি হবে তারা। আর ৪ জুন আমস্টারডামে ডাচদের প্রতিপক্ষ ওয়েলস।