রিয়ালে এসে আরো ভালো রোনালদো
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিলেন, রিয়ালের হয়ে যা এখনও পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ এই তারকার বিশ্বাস, ইংল্যান্ড থেকে স্পেনের সেরা এই ক্লাবে নাম লেখানোর পর আরো ভালো ফুটবলার হয়ে উঠেছেন তিনি।
রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে নিজের এই উপলদ্ধির কথা জানান রোনালদো।
“অবশ্যই আমার ভালো পরিবর্তন হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডে আমি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি, আর রিয়াল মাদ্রিদে এটা আমার ৫ম মৌসুম।"
ইউনাইটেডের হয়ে ২০০৮ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরের বছরই স্পেনে পাড়ি জমান রোনালদো। সেবার ইউনাইটেডের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন পর্তুগিজ এই তারকা।
রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা থেকে অবশ্য আর এক ধাপ দূরে আছেন রোনালদো। ২৪ মে লিসবনের ফাইনালে দশম শিরোপা জয়ে রিয়ালের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ।
রেকর্ড ৯ বার ইউরোপ সেরার মুকুট পরা রিয়াল মাদ্রিদ যেন চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জেতা যেন ভুলেই গেছে। সর্বশেষ তারা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে ২০০২ সালে।
রিয়াল মাদ্রিদকে ইউরোপের সবচেয়ে অভিজাত প্রতিযোগিতায় দশম শিরোপা এনে দিয়ে ১২ বছরের হতাশা ঘোচাতে চান রোনালদো।
“আমি সবসময়ই রিয়াল মাদ্রিদের হয়ে এই প্রতিযোগিতাটি জিততে চেয়েছি। এই একটা ট্রফি জয়ের জন্য অনেক বছর ধরেই চেষ্টা করে যাচ্ছি আমরা।”
রেকর্ড ১৬ গোল করে এবারের চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা রোনালদোই। ইউরোপ সেরার লড়াইয়ে এক মৌসুমে সর্বোচ্চ বেশি গোল করার রেকর্ডটি এত দিন ছিল হোসে আলতাফিনি ও লিওনেল মেসির। দুজনেই করেন ১৪টি করে গোল।
