ফিলিপাইন ওপেনে শীর্ষে সিদ্দিকুর
টানা তিনটি টুর্নামেন্টে খারাপ খেলার পর সাফল্যের দেখা পেয়েছেন সিদ্দিকুর রহমান। আইসিটিএসআই ফিলিপাইন ওপেনের প্রথম রাউন্ড শেষে যৌথভাবে শীর্ষে আছেন বাংলাদেশের প্রথম পেশাদার এই গলফার।
গত মাসে মালয়েশিয়া ওপেনে যৌথভাবে ৫৭তম হওয়ার পর ওই মাসের শেষদিকে ইন্দোনেশিয়ান মাস্টার্সের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছিলেন সিদ্দিকুর। তারপর এ মাসের শুরুতে সিঙ্গাপুরেও দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়েন তিনি।
বৃহস্পতিবার ফিলিপাইনের এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের চান কিমের সমান পারের চেয়ে ৬ শট কম খেলেছেন সিদ্দিকুর।
এদিন মোট ৯টি 'বার্ডি' (কোনো হোলে পারের চেয়ে এক শট কম খেলা) করেন তিনি। আর বোগি (পারের চেয়ে এক শট বেশি খেলা) করেন তিনটি।
৩ লাখ মার্কিন ডলারের এই টুর্নামেন্টের প্রথম দিনে ভালো করতে পেরে দারুণ খুশি ২৯ বছর বয়সী সিদ্দিকুর। তবে তার চেয়ে বেশি খুশি তিনটি টুর্নামেন্টে হতাশাজনক ফলের পর আবারো সাফল্য পেয়ে।
“গলফে আপনি অনেক সময় সাফল্য উপভোগ করবেন, অনেক সময় তা আর হবে না। আমি আত্মবিশ্বাসী ছিলাম যে, আমার পাট (টোকা দিয়ে বল হোলে ফেলা) করার ছন্দটা ফিরে আসবে।”
