রোম মাস্টার্স থেকে শারাপোভার বিদায়
পরপর দুটি প্রতিযোগিতার শিরোপা জেতার পর রোম মাস্টার্সের তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়লেন মারিয়া শারাপোভা।
গত মাসের শেষদিকে পোরশে টেনিস গ্রাঁ প্রিঁতে হ্যাটট্রিক শিরোপা জেতার পর গত রোববার মাদ্রিদ ওপেনে চ্যাম্পিয়ন হন শারাপোভা।
বৃহস্পতিবার রোমে ক্লে কোর্টের প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে সার্বিয়ার আনা ইভানোভিচের কাছে ৬-১, ৬-৪ গেমে হেরে যান রুশ তারকা শারাপোভা।
অষ্টম বাছাই শারাপোভা বাদ পড়লেও মেয়েদের মধ্যে শেষ আটে উঠেছেন দ্বিতীয় বাছাই লি না, তৃতীয় বাছাই আগ্নিয়েস্কা রাদভান্সকা ও দশম বাছাই সারা এররানি।
এদিকে, পুরুষ এককে ছিটকে পড়েছেন এবারের অস্ট্রেলিয়ান ওপেনজয়ী স্তানিস্লাস ভাভরিঙ্কা। জার্মানির টমি হাসের কাছে ৫-৭, ৬-২ ও ৬-৩ গেমে হেরে গেছেন সুইজারল্যান্ডের ভাভরিঙ্কা। হেরে গেছেন ফরাসি খেলোয়াড় জো উইলফেড্র সোঙ্গাও।
তবে জিতেছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। অস্ট্রিয়ার ইয়ুর্গেন মেলসারকে ৭-৬, ৬-৪ গেমে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন মারে।
এদিকে, বুধবার দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের জেরেমি চার্ডির কাছে ১-৬, ৬-৩, ৭-৬ গেমে হেরে বাদ পড়েন রজার ফেদেরার।
