লিভারপুলেই থাকবেন সুয়ারেস
লিভারপুলের স্ট্রাইকার লুইস সুয়ারেস তার অ্যানফিল্ড ছাড়ার সব খবর গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যমে খবর ছড়ায়, আগামী গ্রীষ্মে লিভারপুল ছাড়ছেন উরুগুয়ের এই স্ট্রাইকার। কিছুদিন আগে স্পেনের গণমাধ্যম আবার জানায়, সুয়ারেসকে পেতে আগ্রহী রিয়াল মাদ্রিদ।
কিছু প্রতিবেদনে আবার এটাও জানানো হয়, গত ডিসেম্বরে লিভারপুলের সঙ্গে যে সাড়ে চার বছরের নতুন চুক্তি করেছিলেন সুয়ারেস তাতে রিয়াল মাদ্রিদ অথবা বার্সেলোনায় যোগ দেওয়ার পথ খোলা রেখেছিলেন তিনি।
তবে সুয়ারেস ঐ খবর উড়িয়ে দিয়ে বলেন, “বিশেষ কোনো দলকে গুরুত্ব দেওয়ার মতো কোনো শর্ত (চুক্তিতে) ছিল না।”
আর এসব গুজবে কান না দিয়ে আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপই এখন তার মূল ভাবনা বলে জানিয়েছেন ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার।
গত মৌসুমের আগে লিভারপুল ছাড়ার জন্য উঠেপড়ে লেগেছিলেন সুয়ারেস। কিন্তু শেষপর্যন্ত অ্যানফিল্ডেই থেকে যান তিনি। তারপরই পুরনো আক্রমণাত্মক রূপ ফিরে পান সুয়ারেস।
তার উপর ভর করেই দুই যুগ পর লিগ শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল লিভারপুলের। যদিও শেষ পর্যন্ত দ্বিতীয় স্থানে থেকেই লিগ শেষ করতে হয় তাদের।
তবে ব্যক্তিগত সাফল্যে সুয়ারেস ঠিকই উজ্জ্বল। লিগে ৩৩ ম্যাচ খেলে ৩১ গোল করে আছেন পিচিচি ট্রফি (ইউরোপীয় ক্লাব ফুটবলে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার) জয়ের দৌড়ে।
সুয়ারেসের সমান ৩১ গোল করেছেন রিয়ালের ক্রিস্টিয়ানো রোনালদো। লা লিগার শেষ ম্যাচে রোনালদো গোল না করতে পারলে যৌথভাবে এই পুরস্কার জিতবেন রোনালদো ও সুয়ারেস।
২০১১ সালে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স আমস্টারডাম থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন সুয়ারেস।
