২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে ভোগাবে না ব্রাজুকা

ব্রাজিল বিশ্বকাপের অন্যতম তারকা এটি, বিশ্বের সেরা সব ফুটবল শিল্পীর কারুকাজ দেখানোর হাতিয়ারও। কিন্তু বিশ্বকাপের জন্য বরাবরের মতোই অ্যাডিডাসের বানানো বল ব্রাজুকা কি তার নাম রাখতে পারবে?

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 08:16 PM

Updated : 13 Oct 2022, 12:06 PM

চার বছর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের বল জাবুলানি নিয়ে কিন্তু তোপের মুখে পড়েছিল অ্যাডিডাস। ওই আসরের বলটাকে মেনে নিতে পারেনি অনেক খেলোয়াড়ই।

ইতালির গোলরক্ষক জানলুইজি বুফ্ফনের বলের গতিপথ বুঝতে সমস্যা হচ্ছিল। ব্রাজিলের স্ট্রাইকার লুইস ফাবিয়ানো তো জাবুলানিকে 'অতিপ্রাকৃতিক' বলেই আখ্যা দিয়েছিলেন।

তবে অ্যাডিডাসের ফুটবল পরিচালকক মাটিয়াস মেকিং দাবি করছেন, ব্রাজুকা হতাশ করবে না। অনেক গবেষণার পর নিখূঁত করেই এটাকে গড়া হয়েছে।

তিনি জানান, ব্রাজুকার গতিপথ নিয়ে অনেক বিশ্লেষণের পর দেখা গেছে, গতিপথ অনুমিতই থাকছে, কাউকে ভড়কে দিচ্ছে না।

জাবুলানির পৃষ্ঠতল ব্রাজুকার চেয়ে মসৃণ ছিল। তাই সেটা নির্দিষ্ট গতিতে হঠাৎ করেই কিছুটা দিক পাল্টাতো। ব্রাজুকার ওপরের দিক খসখসে, তাই বল বাকানো যাবে ঠিকই, তবে গতিপথ অনুমিতই থাকবে।

বলের স্বভাব ও গতিপথ নির্ভর করে প্যানেলগুলো এবং তা জোড়া দেয়ার ওপরও। প্রপেলার আকৃতির ছয়টি প্যানেল উচ্চতাপে জোড়া লাগিয়ে তৈরি করা হয়েছে ব্রাজুকার ওপরের অংশ। জাবুলানিতে ব্যবহার করা হয়েছিল আটটি প্যানেল। আর প্রচলিত ফুটবলে থাকে ৩২টি প্যানেল।

অ্যাডিডাস কর্তৃপক্ষ বলছে, প্যানেলগুলো এমনভাবে জোড়া লাগানো হয়েছে, যাতে এটার গতিপথ সুস্থির ও নিখূঁত থাকে।

কম প্যানেল ব্যবহার করলে বল কিন্তু বেশি মসৃণ হয়। তবে ব্রাজুকায় মাত্র ছয়টি প্যানেল থাকলেও সমস্যা হবে না। কারণ প্যানেলগুলোর পৃষ্ঠতল আবার খসখসে রাখা হয়েছে।

জাবুলানির চেয়ে ব্রাজুকার সেলাইয়ের বা জোড়া লাগানোর অংশটুকুর গভীরতা বেশি। সেলাইয়ের দৈর্ঘ্যটাও বেশি। ফলে দেখতে এটা অন্যরকম হলেও স্বভাবে প্রচলিত ফুটবলের কাছাকাছিই হবে। আর খসখসে বল মসৃণ বলের চেয়ে বেশি দূরও যায়।

তাই গতবারের জাবুলানির মতো ভিন্ন আচরণ এবার ব্রাজুকার কাছ থেকে না পাওয়ারই আশা করা যায়। নকশা ও গড়নে ভিন্ন হলেও প্রচলিত ৩২ প্যানেলের ফুটবলের মতোই আচরণ পাওয়া যাবে ব্রাজিল বিশ্বকাপের এই বলের কাছ থেকে। তাই আগেরবারের মতো ফুটবলারদের অভিযোগও আর পাওয়া যাবে না বলে অ্যাডিডাসের বিশ্বাস।

আর অ্যাডিডাসের দাবি, ব্রাজুকাই বিশ্বের সবচেয়ে বেশি পরীক্ষিত বল। আড়াই বছর ধরে ইকার ক্যাসিয়াস, দানি আলভেস, লিওনেল মেসি, বাস্তিয়ান শোয়াইনস্ট্রাইগার ও জিনেদিন জিদানসহ বিশ্বের ছয়শ'র বেশি শীর্ষ ফুটবলার ব্রাজুকা যাচাই করে দেখেছেন।

ব্রাজুকা মানে হচ্ছে ব্রাজিলিয়ান। ব্রাজিলের জীবনযাত্রাই ফুটে উঠবে এই নামে। ব্রাজুকার রঙ ও ফিতার মতো নকশা ব্রাজিলের ইচ্ছাপূরণের প্রথাগত রঙ্গীন ব্রেসলেটকেই মনে করিয়ে দেয়। ফুটবল নিয়ে দক্ষিণ আমেরিকার উত্তেজনা ও বিনোদনও এতে ফুটে উঠে। তবে এর সবকিছুই ঠিক থাকবে উত্তেজনাপূর্ণ ম্যাচগুলোতে ব্রাজুকা নিয়ে বিশ্বের নামীদামী ফুটবলাররা ছন্দ ফোটাতে পারলেই।